আগরতলা, ২৪ জুলাই: রাজ্য সরকারের জনমুখী উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা মন্ত্রিসভার মুখপাত্র সুশান্ত চৌধুরী। শুক্রবার রাণীরবাজার পৌর পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সময়মতো উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন।
এই বৈঠকে রাণীরবাজার পৌর পরিষদের চেয়ারপার্সন, ভাইস-চেয়ারপার্সন, নির্বাচিত জনপ্রতিনিধি, পৌর আধিকারিক এবং স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে পৌর এলাকার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নে প্রতিবন্ধকতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বিভিন্ন নাগরিক পরিকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে বলেন, উন্নয়নের সুফল নির্ধারিত সময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি।
তিনি সংশ্লিষ্ট আধিকারিক ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নাগরিকদের স্বচ্ছ, উন্নতমানের ও সহজলভ্য পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।
সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।



















