আগরতলা, ২৮ মে : দেশজুড়ে পেট্রল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে আন্দোলনে নামল সিপিআইএম। আজ বেলা প্রায় এগারোটা নাগাদ সিপিআইএম গন্ডাছড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এদিন গন্ডাছড়া মহকুমা সদরে দলীয় নেতৃত্ব ও কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুরাতন ইউকো ব্যাংকের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা।
বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের গন্ডাছড়া বিভাগীয় কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, প্রাক্তন বিধায়ক ললিতমোহন ত্রিপুরা, দলের নেতা সুশান্ত হাজারী, পবিন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পেট্রল-ডিজেলের ক্রমাগত দাম বাড়ার ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তাদের অভিযোগ, মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ, বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
বক্তারা অবিলম্বে পেট্রল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে মূল্যবৃদ্ধির লাগাম টানতে কেন্দ্র সরকারের কাছে আবেদনও জানান তারা।



















