আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে গৃহস্বামীর উপর হামলা চালায় এক ব্যক্তি। ঘটনায় আক্রান্ত হয়েছেন ৭১ বছর বয়সি প্রাক্তন পুলিশকর্মী পরিমল দত্ত।
জানা গেছে, আদর্শপাড়ায় পরিমল দত্তের বাড়িতে চুরির চেষ্টা করে অভিযুক্ত সাগর দেবনাথ। সেই সময় বিষয়টি টের পেয়ে গেলে গৃহস্বামীর সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। একপর্যায়ে পরিমল দত্তের উপর হামলা চালানো হয়।
ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাগর দেবনাথকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি তিপানিয়া এলাকায়।
অভিযোগ রয়েছে, সাগর দেবনাথ এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল। পাশাপাশি আর.কে.পুর থানা এলাকায় সংঘটিত একটি বাইক চুরির ঘটনার সঙ্গেও তার যোগ থাকার অভিযোগ সামনে এসেছে।
চুরির চেষ্টা ও গৃহস্বামীর উপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমতলী থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ওঠা পুরনো অভিযোগগুলিও তদন্ত করে দেখা হচ্ছে।






















