নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই পূজা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূর্বপুরুষের শিকড়, লোকবিশ্বাস ও প্রাচীন সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ শান্তিরবাজার মহকুমার মনুবাজার দখলসিং রিয়াং পাড়ায় ঐতিহ্যবাহী সংগ্রঙমা মন্দির প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তিরবাজার মহকুমা প্রশাসন এবং ব্রু (রিয়াং) সংগ্রঙমা মথ-এর যৌথ উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ২৫তম রাজ্যভিত্তিক সংগ্রঙমা পূজা ও উৎসবের উদ্বোধন করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ভারতের সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতির পরিচয় বহন করে। ব্রু সম্প্রদায়ের লোককথা, লোকগীতি, ঐতিহ্যবাহী নৃত্য, আচার-অনুষ্ঠান ও প্রথাগত জ্ঞান নথিবদ্ধ করে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করে রাজ্যপাল বলেন, ত্রিপুরার অন্যতম জনজাতি জনগোষ্ঠী হিসেবে ব্রু সম্প্রদায়ের সংস্কৃতি রাজ্যের সামগ্রিক সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জনজাতি অংশের ছেলেমেয়েদের নবোদয়, একলব্যের মত বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপের পাশাপাশি যুবক-যুবতীদের নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। একইসঙ্গে, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং বিশেষ করে টিবিমুক্ত ভারত গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ব্রু সম্প্রদায়ের কাস্কাউ খবা রিয়াং, রাই আমিঞ্জয় রিয়াং, ক্র সংগ্রঙমা মথ-এর সভাপতি বীরেন্দ্র রিয়াং, বিএসএম-এর সভাপতি গ্যাব্রিয়েল রিয়াং, সমাজসেবী হরেন্দ্র রিয়াং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত ভাষণ রাখেন ক্র সংগ্রঙমা মথ-এর সাধারণ সম্পাদক খনারাম রিয়াং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রঙমা পূজা ও উৎসব কমিটির সভাপতি পানেন্দ্র রিয়াং। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মেলা প্রাঙ্গণে সরকারি বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল ফিতা কেটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন এবং সংগ্রঙমা দেবীর পূজার্চনায় অংশগ্রহণ করেন। দু’দিনব্যাপী এই উৎসবে রিয়াং সম্প্রদায় সহ বিভিন্ন জনজাতিগোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।






















