আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় যুবরানগর ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়।
জানা গিয়েছে, রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত জল জীবন মিশনের পাম্প থেকে গত প্রায় তিন মাস ধরে পানীয় জল পাচ্ছেন না ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে পাম্পের একটি প্রধান সংযোগ লাইন সম্পূর্ণ বিকল হয়ে পড়ে রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
এরপর পরিস্থিতি চরম আকার ধারণ করায় বৃহস্পতিবার ৪ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ মহিলারা পাম্প হাউসের সামনে জড়ো হন। সেখানে তাঁরা পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, জল জীবন মিশনের প্রকল্পের কাজ চলাকালীন অত্যন্ত নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছিল। যার কারণে বর্তমানে সাধারণ মানুষকে সমস্যার মাশুল গুনতে হচ্ছে।
তাঁদের আরও অভিযোগ, লাইনের একটি অংশ মেরামত করার পর অন্য অংশ ফেটে যাচ্ছে। এর ফলে একদিকে জল অপচয় হচ্ছে, অন্যদিকে নিয়মিত পানীয় জল সরবরাহও ব্যাহত হচ্ছে।
বিক্ষোভ চলাকালীন মহিলারা পাম্প অপারেটর দেবাশীষ দেবনাথের সঙ্গে সরাসরি কথা বলেন। অপারেটর জানান, বিষয়টি তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরের নজরে আনবেন। দ্রুত পাইপের সমস্যা মেরামত করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করারও আশ্বাস দেন তিনি।
তবে অপারেটরের আশ্বাসের পরও পাম্প হাউসের চাবি নিজেদের হেফাজতেই রেখেছেন আন্দোলনকারী মহিলারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, দ্রুত পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।



















