নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ১০০-র নীচেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ জন, এই সময়ে উত্তর প্রদেশে মৃত্যু হয়েছে একজনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ জন। নতুন করে একজনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৭৪৬-তে পৌঁছেছে।
দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা এই মুহূর্তে ১ হাজার ৭৮৫-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫১,১০৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ।
এদিকে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ২৭৪ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬০,৫৮,০৩২। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১,৩৬,৭২২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

