নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : বিদেশি বিনিয়োগ সরল করতে বাজেটে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের (এফআইপিবি) অবলুপ্তির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| ৱুধবার ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে ঐতিহাসিক ঘোষণাটি সারেন অর্থমন্ত্রী | প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রস্তাব বিবেচনা করে তা অনুমতি দেয় এফআইপিবি| এফবিআইপিবির অবলুপ্তির ফলে বিদেশি বিনিয়োগকারীদের অনুমতির জন্য আর অর্থ নিয়ে তীর্থের কাকের মতো বসে থাকতে হবে না| তবে এফআইপিবির বিকল্প হিসেবে কোনও নতুন সংস্থা গঠন করা হবে কিনা তা নিয়ে কিছু জানাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী| তবে বলেছেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিয়ম আরও শিথিল করা হবে|
উল্লেখ্য, ১৯৯০ সালে আর্থিক উদারীকরণের পর প্রধানমন্ত্রীর দফতরের অধীনে এফআইপিবি গঠন করা হয়| পরে তা অর্থ দফতরের হাতে তুলে দেওয়া হয়| মূলত ১০০ শতাংশ প্রত্যক্ষ বিনিয়োগের অনুমতি রয়েছে যে সব ক্ষেত্রে, সেখানে রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগে না| এই যাবতীয় বিনিয়োগের নজরদারি করে থাকে এফআইপিবি| পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ছাড়পত্র দেওয়ার অধিকার রয়েছে এফআইপিবির|
ভারতে উপাদনের প্রস্তাব দিয়েছে অ্যাপল| অথচ বছর ঘুরে গেলেও অ্যাপলের প্রস্তাব নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি এফআইপিবি| প্রায়ই অভিযোগ ওঠে অন্য সরকারি সংস্থার মতোই লাল ফিতের বাঁধনের রোগ বাসা বেঁধেছে এই সংস্থায়| এদিকে,বিদেশি বিনিয়োগ টানতে বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী| তাছাড়া দেশেবিদেশে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বিনিয়োগের আহ্বানও করে থাকেন তিনি| এই অবস্থায় বিনিয়োগ প্রস্তাব দীর্ঘদিন পড়ে থাকাটা পছন্দ হয়নি তাঁর| একারণেই সম্ভবত তুলে দেওয়া হল এফআইপিবি| তবে এর বিকল্প হিসেবে কোনও নতুন সংস্থা গঠন করা হবে কিনা তা নিয়ে কিছু জানাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী| তবে বলেছেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিয়ম আরও শিথিল করা হবে|



















