News Flash

  • Home
  • Uncategorized
  • দুই ছাত্র সংগঠনের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত ধর্মনগর কলেজ, গুরুতর জখম তিন, মামলা পাল্টা মামলা
Image

দুই ছাত্র সংগঠনের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত ধর্মনগর কলেজ, গুরুতর জখম তিন, মামলা পাল্টা মামলা

attackবিশেষ প্রতিনিধি, ধর্মনগর, ২০ জুলাই৷৷ ফের ছাত্র রাজনীতির উত্তপ্ত হওয়া রাজ্যে৷ দুই ছাত্র সংগঠনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিল ধর্মনগর কলেজে৷ সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তিনজন৷ উত্তপ্ত হয়ে রয়েছে ধর্মনগর শহর সহ আশেপাশের এলাকা৷ অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষাঙ্গনকে লালীকরণ করার৷ থানায় মামলা করা হয়েছে উভয় সংগঠনের পক্ষ থেকে৷
বুধবার সকালে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সংঘর্ষ বাধে ধর্মনগর কলেজে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে কলেজে৷ খন্ডযুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দুই ছাত্র নেতা এবং এসএএফআইয়ের এক ছাত্রনেতা রক্তাক্ত হয়েছে৷ এর মধ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি এর দুই ছাত্র নেতার অবস্থা সংকটজনক হওয়ায় তাদের ধর্মনগর হাসপাতলে ভর্তি করা হয়েছে৷ তারা হল সৌরভ নাথ ও দিলীপ নাথ৷
সংবাদে প্রকাশ, এদিন সকালে কলেজ অভ্যন্তরে সদস্য পদ সংগ্রহের জন্য ঘাঁটি গাড়ে এসএফআই৷ একই ভবে অধ্যক্ষ শম্ভুনাথ রক্ষিতের অনুমতি নিয়ে সদস্য পদ সংগ্রহের জন্য কলেজে যায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি৷ বরাবরের মতোই এসএফআই অসহিষ্ণু হয়ে উঠে বিরোধী শিবিরের সদস্যপদ সংগ্রহ অভিযানকে ঘিরে৷ এসএফআই এবিভিপির নেতা কর্মীদের কলেজ থেকে বেরিয়ে যাওয়ার জন্য হুমকি দেয়৷ তাতে তারা রাজি হয়নি৷ এরপরই শুরু হয় বিবাদ৷ এসএফআই সমর্থিত ছাত্ররা অতর্কিত হামলা চালায় এবিভিপি এর কর্মী সমর্থকদের উপর৷ হামলায় রক্তাক্ত হয় সৌরভ নাথ ও দিলীপ নাথ৷ তাদেরকে বেধরক মারধর করা হয়৷ লোহার রড দিয়ে পেটানো হয়৷ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে৷ এসএফআইয়ের হামলাকারীদের হাত থেকে বাঁচার জন্য সৌরভ ও দিলীপ কলেজ থেকে পালিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে আত্মরক্ষা করে৷
এদিকে, এসএফআইয়ের কর্মীদের হামলার খবর পেয়ে কলেজে ছুটে যায় এবিভিপি এর বেশ কিছু কর্মী৷ তারা গিয়ে এসএফআইয়ের নেতা কর্মীদের উপর পাল্টা আক্রমণ চালায়৷ তাতে এসএফআইয়ের এক ছাত্রকর্মী আহত হয়েছে৷ হামলা পাল্টা হামলার জেরে গোটা কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ছাত্রছাত্রীরা ছুটাছুটি করে কলেজ থেকে পালাতে থাকে৷ আশেপাশের লোকজনও আতঙ্কিত হয়ে উঠেন৷ এদিকে, খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ও এসডিপিও কলেজে ছুটে যান৷ পুলিশ দুই ছাত্র সংগঠনের নেতৃত্বদের সাথে কথা বলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে৷
অন্যদিকে, কলেজের অধ্যক্ষ শম্ভুনাথ রক্ষিত জানিয়েছেন তিনি পুলিশকে তলব করেনি কলেজে আসার জন্য৷ তাঁর এই বক্তব্য শোনে পুলিশও রীতিমতো বিড়ম্বণায় পড়ে যায়৷ যদিও পরবর্তী সময়ে অধ্যক্ষ জানিয়েছেন তিনিই পুলিশ তলব করেছেন৷ কলেজের অধ্যক্ষের দুই রকম বক্তব্যে পুলিশও ক্ষুব্ধ৷ কলেজের অভ্যন্তরে সঠিক বিচার না পেয়ে এবিভিপি এর কর্মীরা এসএফআই’র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবীতে ধর্মনগর থানায় ধর্ণা দিয়েছে৷ এসএফআই’র ছাত্রদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে৷ এদিকে এসএফআইয়ের তরফেও পাল্টা মামলা করা হয়েছে৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেউ গ্রেপ্তার করেনি৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজনৈতিক চাপে পড়ে পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিনের হামলার ঘটনার সাথে যুক্ত এসএফআইয়ের কর্মীদের বিরুদ্ধে যদি কঠোর কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ এদিনের ঘটনাকে কেন্দ্র করে গোটা ধর্মনগরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশ পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top