News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ছন্নছাড়া কংগ্রেস
Image

ত্রিপুরায় ছন্নছাড়া কংগ্রেস

tripura-congressপশ্চিমবঙ্গে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের আসন রফা চূড়ান্ত হইয়া যাওয়ার প্রতিক্রিয়ায় ত্রিপুরায় প্রধান বিরোধী দলের বিপর্য্যস্ত অবস্থা আর গোপন থাকিতেছে না৷ সিপিএমের বিরুদ্ধে এতকাল যে কংগ্রেসীরা লড়াই করিয়াছে আজ তাহারা কোথায় দাঁড়াইবে? দলের জনপ্রতিনিধিরা তো সিপিএম বিরোধীতা করিয়াই ভোটে জিতিয়াছেন৷ বহু কংগ্রেসী তো বামপন্থীদের হাতে নিগৃহীত হইয়াছেন, প্রাণ হারাইয়াছেন৷ সেই দলের সঙ্গে সখ্যতার ঘটনা তো রীতিমতো বিতর্কীত৷ অনেকেই বিশেষ করিয়া রাজনৈতিক নেতারা বলিয়া থাকেন রাজনীতিতে শেষ কথা বলিয়া কিছু নাই৷ পঃবঙ্গে তৃণমূল কংগ্রেসকে বিদায় করিতে সিপিএমের সঙ্গে সখ্যতার ঘটনায় ত্রিপুরায় কংগ্রেস রীতিমতো ছন্নছাড়া৷ বামেদের সঙ্গে সখ্যতা চূড়ান্ত না হওয়া অবস্থায় অমরপুর বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের ভাগ্যে জুটিয়াছে মাত্র ১২৪৩ ভোট৷ একেবারে ধরাশায়ী, শোচনীয় হার৷ আর পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক বাম কংগ্রেস সখ্যতার ঘোষণার পর ত্রিপুরায় কংগ্রেসের ঘরে তো মড়ক লাগিয়া গিয়াছে৷ কারণ এরাজ্যে সিপিএম বিরোধীতা হইতেই কংগ্রেসের পথ চলা৷ সিপিএম দলের সঙ্গে সংঘাতের ফলে বহু খুনোখুনির ঘটনায় বার বার রক্তাক্ত হইয়াছে ত্রিপুরা৷ বহু সিপিএম কর্মী কংগ্রেসী দুবৃত্তদের হাতে প্রাণ বলি হইয়াছে৷ একইভাবে বহু কংগ্রেসের প্রাণ ছিনাইয়া নিয়াছে সিপিএম ঘাতকরা৷ সেই রক্তের উপর দাঁড়াইয়া বন্ধুত্ব চলিতে গাঢ় হইবার ঘটনায় রাজনীতির নতুন ও জটিল অধ্যায়ের সূচনা হইল বলা যাইতে পারে৷
কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব স্তরে সিপিএমের সঙ্গে বুঝাপড়ার ঘটনা নতুন নয়৷ এবং ইহাও বার বার স্পষ্ট হইয়াছে যে, কংগ্রেস কোনও দিন সিপিএমকে নির্বাচনে জয়ের পথে বাধা হইতে পারিবে না৷ তৃণমূল কংগ্রেস রাজনীতিতে প্রতিষ্ঠা না পাইলে পশ্চিমবঙ্গ হইতে কোনও দিন সিপিএমকে হঠানো যাইত না৷ এই সত্যিকে আজ তো কোনও মহল অস্বীকার করিতে পারিবেন না৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা সরাসরি বাম কংগ্রেস সখ্যতার বিরোধীতা করেন নাই৷ তিনি ত্রিপুরার মসনবদারী পাইয়াই তুষ্ট৷ কিন্তু কংগ্রেসের বেশীর ভাগ বিধায়কদের সামনে তো অনিশ্চিত ভবিষ্যত৷ কংগ্রেসে তো কর্মী পাওয়াই মুশকিল হইবে? এরাজ্যে তৃণমূল বা অন্য বামবিরোধী দলের ভবিষ্যত কতখানি তাহা নিয়াও প্রশ্ণ উঠিবে৷ কারণ ত্রিপুরায় কংগ্রেস মৃতপ্রায় জানিয়াই অনেক নেতাই দল ছাড়ার কথা ভাবিতেছেন৷ নিজেদের রাজনৈতিক ভবিষ্যতকে রক্ষার ক্ষেত্রে কংগ্রেস ত্যাগ ছাড়া বিকল্প আছে মনে হয় না৷ আজ কংগ্রেস ভবন শুনসান৷ কর্মীরা হতভম্ব৷ অথচ এরাজ্যে নির্ভরযোগ্য অবাম দলের রমরমা অবস্থাও দেখা যায় না৷ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের উপর গোটা দেশের মানুষকেই তাকাইয়া থাকিবার কথা৷ কারণ, যে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট বাঁধিয়া সিপিএমকে হঠাইয়াছে, আজ কংগ্রেস সিপিএম জোট বাঁধিয়া তৃণমূল হঠাইতে ময়দানে নামিবার ঘটনা তো রীতিমতো ঐতিহাসিক৷ ত্রিপুরার কংগ্রেসকে শ্মশানে পাঠাইয়া পশ্চিমবঙ্গের মাটি খঁুজিতে বামেদের সঙ্গে বন্ধুত্ব করিয়া কংগ্রেস আজ গভীর প্রশ্ণের মুখে দাঁড়াইয়া আছে৷ সিপিএম দলের রণকৌশলই কংগ্রেসের সমাধি রচনা করিবে৷ এই সত্যিকে কোনওভাবেই অস্বীকার করা যায় না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top