আগরতলা, ২৮ মে : আগরতলার অভয়নগর এলাকার ড্রাগস ডি-অ্যাডিকশন সেন্টারের পরিচালক তথা সমাজকর্মী শুভম বিশ্বাসকে বৃহস্পতিবার আগরতলা মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করে আমতলী থানার পুলিশ। বিজেপি যুব মোর্চা নেতা রাজেশ ঘোষের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, গত ২৫ মে বাড়দোয়ালী ও বাধারঘাট এলাকার যুব মোর্চা কর্মীরা আমতলী থানায় শুভম বিশ্বাসের বিরুদ্ধে একটি ডেপুটেশন ও এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, শুভম বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় যুব মোর্চা নেতা রাজেশ ঘোষকে কুরুচিকর ভাষায় আক্রমণ, মানহানিকর মন্তব্য এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন।
এছাড়াও যুব মোর্চার একাংশের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, তার পরিচালিত ডি-অ্যাডিকশন সেন্টারের আড়ালে কিছু সন্দেহজনক মাদক সংক্রান্ত কার্যকলাপ চলছিল। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আমতলী থানার পুলিশ। তদন্তের অংশ হিসেবে গতকাল শুভম বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।
এই বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক পরিতোষ দাস সংবাদমাধ্যমকে জানান, ডিজিটাল তথ্যপ্রমাণ ও সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলির প্রাথমিক সত্যতা যাচাইয়ের পরই পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে। মামলার গভীরে পৌঁছাতে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে আদালতে শুভম বিশ্বাসের ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সামাজিক পরিসরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















