আগরতলা, ২৪ এপ্রিলঃ রাজ্যের পাহাড় এবং সমতলের সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। শুক্রবার পুলিশ সদর দপ্তরে গিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে মহানির্দেশক অনুরাগের সঙ্গে দেখা করেন আগরতলা প্রেসক্লাবের পাঁচ সদস্যক প্রতিনিধি দল।
সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে পুলিশ প্রশাসনের তরফে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়। পাশাপাশি প্রেস স্টিকার এর অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আগরতলা প্রেসক্লাবের প্রতিনিধিরা। সব ঋতুতে ব্যবহার করা যায় এই ধরনের প্রেসজ্যাকের সাংবাদিকদের দেওয়ার দাবি জানানো হয়েছে। চিত্র সাংবাদিকদের একটা অংশকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। এক্ষেত্রে রাজধানী আগরতলা সহ মহকুমা শহর গুলোতে পুলিশের টহল বৃদ্ধির দাবিও জানানো হয়েছে।
আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির বৈঠক এবং বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উত্থাপিত বিষয় গুলোও খোলামেলা পুলিশ মহানির্দেশক সহ আধিকারিকদের সামনে তুলে ধরা হয়েছে। এডিসি ভোট পর্ব শেষ হতেই শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে পরিচালন কমিটির পাঁচ সদস্যক প্রতিনিধি দল পুলিশ মহা নির্দেশকের সঙ্গে দেখা করেন।
এই প্রতিনিধি দলে ছিলেন অন্যদের মধ্যে ছিলেন সহ সভাপতি চিত্রা রায়, যুগ্ম সম্পাদক কমল চৌধুরী ও অভিষেক দে, কার্যকরী সদস্য অভিষেক দেববর্মা।পুলিশ সদর কনফারেন্স হলে পুলিশ মহা নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করার সময় পুলিশের একাধিক আধিকারিকও সেখানে উপস্থিত ছিলেন। কনটেন্ট ক্রিযেটার এর নামে সামাজিক মাধ্যমে ভুল বার্তা ছড়ানোর বিষয় গুলোতেও লাগাম টানার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।ডেপুটেশন শেষে প্রণব সরকার জানিয়েছেন পুলিশের মহা নির্দেশক সাংবাদিকদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।


















