নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ রবিবার গোটা রাজ্যেই যথাযোগ্য মর্যাদায় পালিত হল ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংয়ের ১০৯ তম জন্মদিন৷ এদিন সকালে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে হয় মূল কর্মসূচী৷ সকালে আগরতলা কংগ্রেস ভবনে জননেতা শচীন্দ্রলাল সিংকে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য কংগ্রেস নেতারা৷ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা জানান রাজতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শচীন্দ্রলাল সিংয়ের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ জাতি উপজাতির মধ্যে ঐক্য রক্ষার ক্ষেত্রেও প্রয়াত এই মুখ্যমন্ত্রীর অবদান ছিল সবচাইতে বেশি৷


















