আগরতলা, ৬ মে: জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা কালমা হাইস্কুলের এক শিক্ষক নান্টু নমঃ-র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট টিউশন করাতে পারেন না। কিন্তু সেই নিয়মকে উপেক্ষা করে নান্টু নমঃ বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি বাড়িতে ছাত্রছাত্রীদের টিউশন করাচ্ছেন। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ে যাওয়ার আগেই শিক্ষার্থীদের ওই বাড়িতে টিউশনে অংশ নিতে বাধ্য করা হয়, যার ফলে অনেক সময় স্কুলে পৌঁছাতে দেরি হচ্ছে তাদের।
অভিভাবকদের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষক নাকি স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর কাছে প্রাইভেট টিউশন না নিলে ছাত্রছাত্রীরা এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না। এতে চাপে পড়ে বহু পরিবার বাধ্য হয়ে টিউশনে পাঠাচ্ছেন সন্তানদের।
এছাড়াও আরও অভিযোগ উঠেছে, শিক্ষকের ভাইয়ের দোকান থেকে খাতা না কিনলে পড়াশোনা করা যাবে না—এই মর্মে ছাত্রছাত্রীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ফলে অনেকেই বাধ্য হয়ে বেশি দামে খাতা কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এ ধরনের অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। তবে তিনি স্বীকার করেন যে, সংশ্লিষ্ট শিক্ষক প্রায়ই বিদ্যালয়ে দেরিতে আসেন এবং তাঁর ভাই খাতা বিক্রি করেন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে, কালমা এলাকার বাসিন্দারা শিক্ষাদপ্তরের কাছে দাবি জানিয়েছেন, অভিযোগগুলির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এ ধরনের কাজে জড়িত না হন এবং শিক্ষার পরিবেশ সুস্থ ও স্বচ্ছ থাকে।



















