সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। অভিযানে একটি সাদা রঙের বলেরিনো গাড়ি আটক করে তার ভিতর থেকে মোট ৬৭ কেজি ১১০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় গাড়িচালক তথা কথিত মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধনপুর থেকে ইন্দুরিয়া যাওয়ার মূল সড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই সময় একটি সাদা রঙের বলেরিনো গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মোট ১৬টি প্যাকেটে রাখা শুকনো গাঁজা উদ্ধার হয়। প্যাকেটগুলি কালো রঙের টিউব দিয়ে পেঁচানো অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া গাঁজা ও গাড়িটি সমস্ত আইনানুগ প্রক্রিয়া মেনে ঘটনাস্থলেই জব্দ করা হয়। পাশাপাশি আটক গাড়িচালক এবং তার সহযোগীদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।
পরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার অভিযুক্ত গাড়িচালককে সোনামুড়া মহকুমা আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হলে আদালত কেস ডায়েরি পর্যালোচনা করে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
বর্তমানে অভিযুক্তকে সোনামুড়া থানায় বিশেষ পুলিশ দলের সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদে মাদক পাচার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই তথ্যগুলি রাজ্য ও কেন্দ্রীয় স্তরের গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশের বক্তব্য, তদন্তে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এই বিশেষ অভিযানটি সোনামুড়া থানার পুলিশ, ৮১ ব্যাটালিয়নের বিএসএফ এবং ১১ ব্যাটালিয়নের টিএসআর বাহিনী-র যৌথ উদ্যোগে পরিচালিত হয়।



















