ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। জয় অব্যাহত রেখেই এগোচ্ছে কসমপলিটন ক্লাব। শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে কসমোলিটন ক্লাব আজ, রবিবার জয় পেয়েছে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমিকে হারিয়ে। কসমোপলিটন এতে নয় উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। খেলা ছিল জোলাইবাড়ি স্কুল গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে সানফ্লাওয়ার একাডেমী প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে। অনিকেত দেবনাথ ৩৫ রান এবং প্রতীক দাসের ২১ রানের পাশাপাশি সুপ্রদীপ মজুমদার ১৯ রান পায়। অন্যরা কিছুটা ব্যর্থ হলে সান ফ্লাওয়ার একাডেমি ৩৪ ওভারে ১১৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। কসমোপলিটন ক্লাবের আরিফ মিয়া, সৌরভ দেবনাথ, অঙ্কুর সেন ও সৌরভ বসু প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব ২০.৫ ওভার খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। জয় চক্রবর্তী ৪৩ রানে আউট হলেও ওপেনার সৌরভ দেবনাথ ২৬ রানে এবং আমন দেবনাথ ৩০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়।
2023-02-19

