নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ ভগৎ সিং যুব আবাস সংলগ্ণ স্বামী বিবেকানন্দ আবাসনে এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে৷ এ ব্যাপারে পুলিশ মূল অভিযুক্ত লিটন মোদক সহ তিন জনকে আটক করেছে৷ আক্রান্ত ব্যক্তিকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ভগত সিং যুব আবাসন সংলগ্ণ স্বামী বিবেকানন্দ আবাসনে বিজেপি কর্মী লিটন মোদক এক কংগ্রেস কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়৷ বর্তমানে ওই ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায়, লিটন মোদক নামে ঐ যুবক দীর্ঘদিন যাবত আবাসনে থাকা অন্যান্যদের সাথে দুর্ব্যবহার করে যাচ্ছে৷ পাশাপাশি উস্কানি মূলক মন্তব্য করে যাচ্ছে৷ বৃহস্পতিবার রাতে লিটন মোদক আবাসনেরই এক কংগ্রেস কর্মীকে মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয়৷ অন্য এক যুবকের হাতেও আঘাত করে হাত কেটে ফেলে৷ যদিও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে অনেকটা সময় পরে আসে৷ লিটন মোদক সহ তার দুই ভাইকে গ্রেফতার করে এন সি সি থানায় নিয়ে যায় পুলিশ৷ তবে এই ঘটনা সম্পর্কে এনসিসি থানার পুলিশ সংবাদমাধ্যমের কর্মীরা অনেকবার জিজ্ঞাসা করার পরও মুখ খুলতে নারাজ৷ এই ঘটনায় আবাসন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ যে কোন সময়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে৷
বিবেকানন্দ আবাসনে কংগ্রেস বিধায়কের অঙ্গুলি নির্দেশে সিপিআইএম সন্ত্রাসবাদীরা বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে সাতজনকে গুরুতরভাবে জখম করেছে বলে অভিযোগ৷ বিধানসভার ভোট গ্রহণ শেষ হওয়ার পর আগরতলা শহর সংলগ্ণ বিবেকানন্দ আবাসনে ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছে৷ হামলায় সাতজন বিজেপি কর্মী সমর্থক গুরুতরভাবে আহত হয়েছেন৷ হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি মহিলারাও৷ আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে শুক্রবার ছয় নং আগরতলা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা বিজেপির প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত জিবি হাসপাতালে ছুটে যান৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় কর্মী সমর্থকদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন৷ জিবি হাসপাতালে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পাপিয়া দত্ত বলেন এলাকার হেভি ওয়েট নেতা বলে পরিচিত তথা এলাকার বিধায়ক সুদীপ প্রায় বর্মনের নির্দেশেই সিপিআইএমের সন্ত্রাসীরা গতকাল রাতে বিবেকানন্দ আবাসনে ব্যাপক সন্ত্রাস চালায়৷ তাতে সাতজন বিজেপি করবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ধরনের ঘটনাকে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে পাপিয়া দত্ত বলেন এগুলো খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা৷ তারা মানুষের জীবন নিয়ে খেলা করছে বলেও তিনি অভিযোগ করেন৷ সন্ত্রাসের ফলে বিবেকানন্দ আবাসনের বিজেপি কর্মী সমর্থকরা বের হতে পারছে না বলেও তিনি অভিযোগ করেন৷ এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার সামনে দীর্ঘক্ষন অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা৷ দলীয় নেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে দীর্ঘক্ষণ এই অবরোধ চলতে থাকে৷ পাপিয়া দত্ত অবরোধ আন্দোলন চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তারা বিবেকানন্দ আবাসনে অবস্থানরত দলীয় কর্মীদের উপর ফের প্রাণঘাতি হামলা সংঘটিত করবে৷ তাতে খুনের যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ তিনি সাংবাদিকদের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে বিবেকানন্দ আবাসনে যাওয়ার জন্য পরামর্শ দেন৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাপিয়া দত্ত৷
2023-02-17

