ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। জয় পেয়েছে বড়দোয়ালী স্কুল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আপাতত পয়েন্ট তালিকায় চতুর্থ শীর্ষে উঠে এসেছে। এরপরও অনিশ্চিত আদৌ সদর অনূর্ধ্ব ১৭ অান্ত: স্কুল ক্রিকেটের সেমিফাইনালে খেলতে পারবে কিনা! এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা, গ্রুপ চ্যাম্পিয়ন সাতটি দল থেকে রানের গড়ের ভিত্তিতে প্রথম চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। শেষ তিনটি দলকে গ্রুপ চ্যাম্পিয়নের গৌরব নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৭ আন্ত: স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের খেলা এখন অন্তিম পর্যায়ে। ইতোমধ্যে যে তিনটি স্কুল দল সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে তা হলো- নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন এবং ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। আগামীকালের খেলায় প্রগতি বিদ্যাভবন বনাম হোলিক্রস স্কুলের মধ্যে যে দল জয়ী হবে তারা সেমিফাইনালে খেলবে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় আজ, সোমবার বড়দোয়ালী স্কুল ৪ উইকেটের ব্যবধানে শ্রীকৃষ্ণ মিশন স্কুলকে হারিয়েছে। সকাল ন’টায় খেলা শুরুতে টস জিতে শ্রীকৃষ্ণ মিশন স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌরদীপ দেববর্মা সর্বাধিক ৪৩ রান পায়। এছাড়া গগনজিৎ দাসের ২৮ রান উল্লেখ করার মতো। দল অতিরিক্ত খাতে পেয়েছে ২৮ রান। বড়দোয়ালী স্কুলের পরিতোষ দেবনাথ ও অধিনায়ক সানু দাস দুটি করে উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে বড়দোয়ালী স্কুল দল ৩১.৩ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সাত্ত্বিক দত্ত অপরাজিত ভূমিকায় ৪৫ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। তবে এর আগে আদিত্য দে-র ৩৭ রান এবং পরিতোষ দেবনাথের ৩৩ রান দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের আয়ুষ সরকার ও মাহিন চৌধুরীর দুটি করে উইকেট পেয়েছে। বলে-ব্যাটে দারুণ পারফরম্যান্সের সৌজন্যে বিজয়ী বড়দোয়ালী স্কুলের পরিতোষ দেবনাথ প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।
2023-02-13

