News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ড কান্ডে সিবিআই নোটিশের জেরে মন্ত্রী বিজিতা নাথের পদত্যাগ দাবী কংগ্রেসের
Image

চিটফান্ড কান্ডে সিবিআই নোটিশের জেরে মন্ত্রী বিজিতা নাথের পদত্যাগ দাবী কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ চিটফান্ড কান্ডে সিবিআই নোটিশের জেরে মন্ত্রী বিজিতা নাথের পদত্যাগ দাবি করেছে প্রদেশ কংগ্রেস৷ সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস পরিষদীয় দলনেতা গোপাল রায় বলেন, বামফ্রন্টের মদতেই রাজ্যে চিটফান্ড ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল৷ মন্ত্রী বিজিতা নাথ খোদ রোজভ্যালীর এজেন্ট ছিলেন৷ এখন সিবিআই রোজভ্যালী মামলায় তাঁকে নোটিশ পাঠিয়েছে৷ তাই, তাঁর এক্ষুনি পদত্যাগ করা উচিৎ৷ গোপালবাবুর দাবি, স্বচ্ছতা প্রমাণে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা থেকে বিজিতা নাথকে বরখাস্ত করুক৷ পাশাপাশি তাঁর আরও দাবি, রাজ্যে চিটফান্ড মামলায় সঠিক তদন্ত হোক৷ তা না হলে প্রদেশ কংগ্রেস আবারও আন্দোলনে নামবে৷ এদিকে, সিপিএম প্রদেশ কংগ্রেসের এই দাবি হাস্যকর বলে কটাক্ষ করেছে৷
এদিন গোপালবাবু বলেন, রাজ্যে এখন চিটফান্ড মামলায় সিবিআই আসছে, তা প্রদেশ কংগ্রেসের দীর্ঘ আন্দোলনের ফসল৷ তাঁর দাবি, চিটফান্ড কান্ডে ডেপুটেশন, ঘেরাও এবং বন্ধ ইত্যাদির ফলেই সিবিআই বাধ্য হয়েছে এরাজ্যে আসতে৷ তিনি বলেন, প্রথম এবং দ্বিতীয় বামফ্রন্ট আমলেই রাজ্যে চিটফান্ডের ব্যবসা শুরু হয়েছিল৷ মোট ১৪২টি চিটফান্ড সংস্থা রাজ্যে ব্যবসা করেছে৷ তাদের দ্বারা রাজ্যে ১৪ লক্ষ আমানতকারী প্রতারিত হয়েছেন৷ এর জন্য তিনি বামফ্রন্টকেই দায়ী করেছেন৷ তাঁর বক্তব্য, ২০০০ সালে চিটফান্ড বিরোধী আইন পাশ হয়েছিল বিধানসভায়৷ অথচ রুল হতে সময় লাগে ৭ বছর৷ তিনি বলেন, রাজ্য সরকার চিটফান্ড সংস্থাগুলিকে ট্রেড লাইসেন্স দিয়েছে৷ কিন্তু, ২০১৩ সালে যখন সারদা চিটফান্ড সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন ধরা পড়ে, তখন রাজ্য সরকারের টনক নড়ে৷ এরপর মহকুমা শাসকদের দিয়ে বিভিন্ন চিটফান্ড সংস্থায় অভিযান চালানো হয়৷ গোপালবাবুর অভিযোগ, এই অভিযানে রাজ্য থেকে ১৪২টি চিটফান্ড সংস্থাকে পালিয়ে যেতে সাহায্য করেছে৷
তিনি আরও বলেন, আসাম সরকার সমস্ত চিটফান্ডের বিরুদ্ধে সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেয়৷ তাই, ২০১৩ সালের ২ মে বিধানসভায় রাজ্যেও চিটফান্ডগুলির বিরুদ্ধে সিবিআই দেওয়া হোক, দাবি জানানো হয়৷ বিরোধীদের প্রচন্ড চাপের মুখে ২০১৩ সালের ১২ মে রাজ্য সরকার ২৭টি মামলা সিবিআইকে পাঠায়৷ কিন্তু, তাতে রোজভ্যালীর নাম ছিল না৷ এনিয়ে আবারও চিৎকার শুরু হলে, রাজ্য সরকার রোজভ্যালী সহ আরও ১০টি মামলা সিবিআইকে পাঠায়৷ কিন্তু, মামলায় রোজভ্যালীর টাকার অঙ্ক কম দেখানো হয়৷ ফলে, সিবিআই রোজভ্যালী বিরুদ্ধে তদন্ত করতে রাজী হয়নি৷ ৩৭টি মামলার মধ্যে সিবিআই শুধু ৫টি মামলায় তদন্ত করবে বলে সম্মত হয়৷
গোপালবাবুর অভিযোগ, সিবিআই রাজ্য সরকারের পাঠানো রোজভ্যালীর মামলাটি তদন্তের জন্য রাজী না হলেও, যেহেতু মামলা হয়েছে, তারপরও ২০১৬ সাল পর্যন্ত ঐ সংস্থা মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে কিভাবে৷ রোজভ্যালী বিনোদন পার্ক প্রচুর টাকা কর বকেয়া পড়ে রয়েছে৷ সেই কর আদায়েও রাজ্য সরকার উদাসীনতার পরিচয় দিয়েছে৷ তাই গোপালবাবুর বিশ্বাস, সিবিআই সঠিক ভাবে তদন্ত করলে আরো অনেক রাঘব বোয়াল বেড়িয়ে আসবে৷ পাশাপাশি তিনি দাবি জানান, আমানতকারীদের টাকা ফেরৎ পাওয়ার বিষয়টিও সিবিআইকে দেখতে হবে৷
এদিকে, রাজ্য মন্ত্রিসভার সদস্যা বিজিতা নাথের পদত্যাগের দাবী নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন সিপিআইএম৷ সোমবার এক সাংবাদিক সম্মেলনে সিপিআই এম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, এই ধরনের দাবীর কোন যৌক্তিকতা নেই৷ কারণ এটা প্রাথমিক জিজ্ঞাসাবাদ৷ কলকাতায় দায়ের হওয়া মামলার উপর ভিত্তি করে সিবিআই ত্রিপুরায় জিজ্ঞাসাবাদের জন্য এসেছে৷ রাজ্যের মন্ত্রী বিজিতা নাথকেও জিজ্ঞাসাবাদ করা হবে৷ কিন্তু এতে পদত্যাগ করার কোন প্রশ্ণই উঠে না৷ তিনি প্রদেশ কংগ্রেসের এই দাবি হাস্যকর বলে কটাক্ষ করেছেন৷
বিজন ধর বলেন, সিবিআই’র অভিযান নিয়ে এখনই কোন মন্তব্য করার সময় আসেনি৷ এর সঙ্গে রাজনৈতিক দৃষ্টিকোণ রয়েছে কিনা সে বিষয়ে এখনই বলা সম্ভব নয়৷ তবে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে রাজ্য সরকারও সিবিআই তদন্তের দাবী জানিয়েছিল৷ যদিও এখন এসব নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top