News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই আগরতলা থেকে সরাসরি কলকাতা বা দিল্লী ছুটবে রেল, সবুজ সংকেত দিলেন রেলের সেফটি কমিশনার
Image

শীঘ্রই আগরতলা থেকে সরাসরি কলকাতা বা দিল্লী ছুটবে রেল, সবুজ সংকেত দিলেন রেলের সেফটি কমিশনার

CRSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ অবশেষে আগরতলা থেকে সরাসরি কলকাতা বা দিল্লী ছুটবে রেল৷ সেই দিন আর বাকী নেই৷ সম্ভবত, বাংলা নববর্ষের দিন বা এর আগেই সেই মাহেন্দ্রক্ষণের মধ্য দিয়েই ত্রিপুরার রেল ইতিহাসে নবযুগের সূচনা হতে চলেছে৷ সবুজ সংকেত দিয়ে দিয়েছেন রেলের সেফটি কমিশনার এস কে পাঠক৷ ব্রডগেজ যাত্রী রেলের এই সূচনার, এই ঐতিহাসিক লগ্ণের, সেই স্বর্ণালী দিনের শুভ মুহুর্তের গভীর প্রতিক্ষায় ত্রিপুরার মানুষ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সেফটি কমিশনার জানিয়েছেন, আগরতলা-কুমারঘাট ১০৭ কিমি ব্রডগেজ লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে৷ তাতে ব্রডগেজ রূপান্তরের কাজ যথেষ্ট সন্তোষজনক বলে তিনি মন্তব্য করেছেন৷ পাশাপাশি খুব শীঘ্রই আগরতলা থেকে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
এদিন তিনি সঠিক তারিখ সম্পর্কে কোনকিছু জানাতে না চাইলেও, সম্ভবত বাংলা নববর্ষের আগেই চালু হয়ে যেতে পারে যাত্রী রেল পরিষেবা, এমনটাই ইঙ্গিত মিলেছে৷ তাঁর মতে, রেলের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারীকদের সাথে আলোচনায় একটা বিষয় স্পষ্ট আর মাত্র কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে রাজ্য থেকে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার সূচনা হতে চলেছে৷ তখন আগরতলা থেকে রেলে বসে সরাসরি দিল্লী যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সেফটি কমিশনার৷
এদিকে, একই সাথে হয়ত উদয়পুর থেকেও যাত্রী রেল পরিষেবা চালু হতে পারে৷ এদিন, সেফটি কমিশনার জানিয়েছেন, উদয়পুর পর্যন্ত ব্রডগেজ লাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে৷ ইতিমধ্যে পণ্যবাহী রেল উদয়পুর পর্যন্ত গেছে৷ ফলে যাত্রী পরিষেবার লক্ষ্যে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই উদয়পুর পর্যন্ত রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করা হবে৷ যেহেতু উদয়পুর স্টেশনের সিগন্যালিংয়ের কাজ এখনো শেষ হয়নি৷ সেজন্যই দিন ১৫ দেরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন৷ এদিন তিনি ঘোষণা অনুযায়ী সময়ের মধ্যে ব্রডগেজ সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার জন্য পূর্বোত্তর রেল কর্তৃপক্ষদের পিঠ চাপরিয়েছেন৷ একই সাথে এই কাজে সবরকমভাবে সহযোগিতা করার জন্য তিনি রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছেন এবং রেল মন্ত্রকেরও অবদানের কথা উল্লেখ করেছেন৷
এদিকে, বুধবার থেকে তিনি কুমারঘাট-বদরপুর লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আধিকারীকদের মতে, ঐ লাইনেও যথেষ্ট ভাল কাজ হয়েছে৷ ফলে, সেফটি কমিশনার কুমারঘাট-বদরপুর লাইনেও সুরক্ষা পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করবেন বলে আশাবাদী রেলওয়ে আধিকারীকরা৷
এদিন সেফটি কমিশনার জানিয়েছেন, আগরতলা- কুমারঘাট রুটে যে ট্র্যাক নির্মাণ হয়েছে তাতে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রেল চালানো যাবে৷ তবে, ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই রুটে রেল চালানো হবে বলে তিনি জানিয়েছেন৷ সুরক্ষা পর্যবেক্ষণে সর্বাধিক ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ট্রলি চালিয়ে দেখা হয়েছে৷ এদিন তিনি বলেন, আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত মোট ১০টি স্টেশন থাকবে৷ তাতে ৬টি ক্রসিং স্টেশন ৪টি হলটিং স্টেশন৷ এই রুটে ১৩টি আরওবি(রোড ওভার ব্রিজ) এবং ৭টি আরইউবি(রোড আন্ডার ব্রিজ) রয়েছে৷ ৬টি লেভেল ক্রসিং, ১৫টি বড় ব্রিজ এবং ১৮১টি ছোটখাট ব্রিজ এই রুটে রয়েছে৷ আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত কিছু জায়গায় পাহাড়ে বাঁক থাকায় সে সব জায়গায় প্রতি ঘন্টায় ১৯ কিলোমিটারের বেশি গতিবেগে রেল চালানো সম্ভব হবে না৷ তবে, বর্ষা মরশুমে ধবসের বিপত্তি মোকাবেলায় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেললাইন নির্মাণ করেছে৷ মনু থেকে আমবাসা পর্যন্ত ট্যানেল নাম্বার তিন সহ কয়েকটি জায়গায় ধবস পড়ে৷ ফলে, সে সব জায়গায় ধবসের বিপত্তি মোকাবিলায় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে কাজ করেছে তা যথেষ্ট সন্তোষজনক বলে তিনি মন্তব্য করেছেন৷
এদিন তিনি রেলওয়ে সিগন্যালিংয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন৷ সারা দেশের সাথে পাল্লা দিয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত রেল লাইনে অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যালিং এর ব্যবস্থা রেখেছে৷ এছাড়াও স্টেশনগুলির কাজও যথেষ্ট সন্তোষজনক বলে তিনি জানিয়েছেন৷ এদিন তিনি বলেন, আগরতলা রেল স্টেশনে যে বিল্ডিং নির্মাণ করা হয়েছে তা সমগ্র পূর্বোত্তরের মধ্যে আদর্শ৷
সেফটি কমিশনার এদিন আসাম-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশার ফলে প্রায়ই রাজ্য বাসী সমস্যার মুখে পড়েন৷ সে কথা উল্লেখ করে তিনি বলেন, ব্রডগেজে রেল চালু হলেই রাজ্যবাসী নানাভাবে উপকৃত হবেন৷ একদিকে যেমন, সারা দেশের সাথে আরো সহজে যোগাযোগ সম্ভব হবে৷ তার সাথে কম সময়ে কম খরচে পণ্য সামগ্রী নিয়ে আসা সম্ভব হবে৷ তবে, ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা শুরু হলে কোন কোন এক্সপ্রেস ট্রেন দেওয়া হবে সে বিষয়ে কোন মন্তব্য তাঁর এক্তিয়ারে নেই বলে জানিয়েছেন৷ রেলমন্ত্রক এবিষয়ে সিদ্ধান্ত নেবে৷ এদিকে, বুধবার থেকে কুমারঘাট-বদরপুর রুটে সুরক্ষা পর্যবেক্ষণ৷ তা নির্বিঘ্নে সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যাবে আগরতলা থেকে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top