News Flash

Image

রাজনীতির লক্ষ্য ও স্বপ্ণ

BJP TRIPURAত্রিপুরার প্রতি কি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পাখীর চোখ করিয়াছে? আগামী বিধানসভা নির্বাচনে দল কি সর্বশক্তি নিয়া ঝাপাইয়া পড়িবে? এমনই প্রশ্ণ উঠিবার পিছনে কারণ আছে৷ প্রায় মাসখানেক সময়ের মধ্যে কেন্দ্রের পাঁচ পাঁচজন মন্ত্রী রাজ্য সফর করিলেন৷ তাঁহারা রাজ্যে সরকারী সফরে আসিতেছেন৷ রথ দেখা কলা বেচার মতো পার্টির কাজও সারিয়া নিতেছেন৷ দেশের মন্ত্রীরা প্রতিনিয়তই দ্বৈত ভূমিকায় অবতীর্ন হন৷ একদিকে সরকারী কাজ, অন্যদিকে দলের কাজ৷ এই ক্ষেত্রে বিরূপ সমালোচনার সুযোগ নাই৷ এক্ষেত্রে সব দলেরই একই অবস্থা৷ কেন্দ্রের বেশীরভাগ মন্ত্রী রাজ্য সফর করিয়া রাজ্য সরকারের বিরুদ্ধে তেমন মুখ খোলেন নাই৷ কিন্তু কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাইয়া যাইতেছেন৷ বাম সরকারও এইসব অভিযোগ সম্পর্কে তেমন কোনও বক্তব্য এই নিবন্ধ লেখার সময় পর্য্যন্ত জানা যায় নাই৷ রাজ্যে পিএমইজিপি প্রকল্পে বেকারদের ঋণ প্রদানে ব্যাংকগুলির তালবাহানার বিরুদ্ধে শুধু সোচ্চারই হন নাই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ রীতিমতো ধমকও দিতে কসুর করেন নাই৷ রাজ্যে জিবি হাসপাতালে গিয়া এক ধর্ষিতা উপজাতি কিশোরীকে দেখিয়া গিরিরাজ রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি হইয়াছে বলিয়া মন্তব্য করেন৷ রাজ্যে জঙ্গলের রাজত্ব চলিতেছে বলিয়া মন্তব্য করিয়া কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ কি বুঝাইয়া দিতে চাহিতেছেন যে তাঁহারা আর দর্শক হইয়া থাকিবেন না৷
সিপিএমের সঙ্গে জোটের পক্ষে পশ্চিমবঙ্গের অধিকাংশ কংগ্রেস নেতার সওয়ালে ত্রিপুরায় প্রাচীন এই দলের চরম সর্বনাশ যা হইবার হইয়া গিয়াছে৷ সাধারণ মানুষ ধরিয়াই নিয়াছেন যে, কংগ্রেসকে সিপিএমের বি টিম বলিয়া এতদিন যে অভিযোগ উঠিত, তাহা যে সত্যি তাহার প্রমাণ হাতে হাতে মিলিয়া গেল৷ পশ্চিমবঙ্গের বেশীরভাগ কংগ্রেস নেতাকে যাহারা তরমুজ কংগ্রেস বলিয়া অভিহিত করিতেন তাহাও ষোল আনা সঠিক, ইহাই প্রতিষ্ঠিত হইয়া গেল৷ এতদিন কংগ্রেস সিপিএমের ছিল গোপন অভিসার৷ এক সময় কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করিয়াই রাজনীতির মাটি দখল করা সিপিএম পরবর্তীতে কংগ্রেসের প্রতি অনেক বেশী উদারতা প্রদর্শন করিয়াছে৷ কংগ্রেস সিপিএমের সখ্যতার বার্তা দিকে দিকে বিদ্যুৎ বেগে প্রচার হওয়ার কারণে বিশেষ করিয়া ত্রিপুরায় বিজেপির সামনে সুবর্ণ সুযোগ সমুপস্থিত হইয়াছে৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী গিরিরাজের ক্ষোভ প্রকাশের মধ্যে যথেষ্ট তাৎপর্য্য রহিয়াছে বলিলে নিশ্চয়ই ভুল বলা হইবে না৷ রাজ্যে বিজেপিকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করাইতে যে সময় ও অধ্যবসায় ও নেতাদের ত্যাগের পরীক্ষা দিতে হয় তাহাই তো বড় কথা৷ রাজ্যের গ্রাম পাহাড়ে সংগঠনের বিস্তার অনেক বেশী কঠিন কাজ৷ প্রতিদিন মানুষের সঙ্গে থাকিয়া যে সিপিএম দল রাজ্যের প্রত্যন্ত এলাকায় সংগঠন গড়িয়া তুলিয়াছে সেখানে উপজাতি ভিত্তিক দল আইপিএফটি কিছুটা থাবা বসাইয়াছে৷ অন্য দলগুলি তো সামান্যতম দাঁতও বসাইতে পারে নাই৷ শহরে কেন্দ্রীয় মন্ত্রীর হুঙ্কার গ্রাম পাহাড়ে নিতে হইল সংগঠন চাই৷ ধর্ষিতা উপজাতি কিশোরীকে হাসপাতালে দেখিয়া গিরিরাজ যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করিয়াছেন তাহাতে জনমনে ধারণা হইতে পারে রাজ্যে বিজেপির লক্ষ্য অনেক বড়৷ আগামী বিধানসভা নির্বাচনে অন্তত বিরোধী দলের মর্য্যাদায় আসীন হইবার স্বপ্ণ দেখিতে পারে৷
১৯৮৮ সালের সেই রাজনৈতিক পরিস্থিতি কি ছিল? প্রায় আঠাশ বছর আগে রাজ্যে কংগ্রেস যুব সমিতি জোট ক্ষমতায় বসিয়াছিল সিপিএম বা বামফ্রন্টকে হটাইয়া৷ তখন রাজীব গান্ধী স্বয়ং ত্রিপুরা জয়ের স্বপ্ণ দেখিয়াছিলেন৷ নির্বাচনের আগে কেন্দ্রের সতেরজন মন্ত্রীকে রাজ্য সফরে পাঠাইয়াছিলেন৷ সৈনাপত্য করিয়াছিলেন কেন্দ্রের মন্ত্রী সন্তোষ মোহন দেব৷ যাঁহাকে সিপিএম তখন সন্ত্রাস মোহন বলিয়া আখ্যায়িত করিয়াছিল৷ রাজ্যে উপদ্রুত আইন জারী করিয়া, উগ্রপন্থী দমনে মিলিটারী নামাইয়া রাজ্যে তখন ভোট হইয়াছিল৷ এত কিছুর পর কিভাবে কংগ্রেস যুব সমিতি ক্ষমতায় আরোহন করিয়াছিল তাহা তো কিছুই গোপন থাকে নাই৷ সেই অভিজ্ঞতা যেখানে ত্রিপুরার মানুষের রহিয়াছে সেখানে গিরিরাজের লক্ষ্য সম্পর্কে নানা প্রশ্ণ দেখা দিতেই পারে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top