তৃণমূলে ভাঙন, দল ছাড়লেন সুরজিৎ দত্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ তৃণমূল ছাড়লেন সুরজিৎ দত্ত৷ বুধবার দলনেত্রীকে চিঠিতে তিনি তাঁর পদত্যাগ মঞ্জুর করার আবেদন জানিয়েছেন৷ দলনেত্রীকে লেখা চিঠিতে তিনি পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও তাঁর ঘনিষ্টমহল সূত্রে জানা গেছে, সুদীপ রায়বর্মণদের ওপর বীতশ্রদ্ধ হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন৷ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে সভাপতির দায়িত্ব পেয়েছিলেন৷ কিন্তু সুদীপ বর্মণ ৬ বিধায়ক তৃণমূলে যোগ দিতেই ক্ষমতার রাশ হারান সুরজিৎ দত্ত৷ দলনেত্রীর নির্দেশে প্রদেশ তৃণমূলের সভাপতি হন বিধায়ক আশিসকুমার সাহা৷ স্বাভাবিক ভাবেই তৃণমূলে গুরুত্বহীন হয়ে ওঠেন রামনগরের প্রাক্তন এই বিধায়ক৷ একই সাথে ক্রমান্বয়ে বর্মণ শিবিরের হাতে পুরোপুরি কব্জা হয়ে যায় তৃণমূল কংগ্রেস৷ ফলে, রতন চক্রবর্তী এবং সুরজিৎ দত্তের পর্দার আড়ালেই ঠাঁই হয়৷

সুরজিৎবাবু জানিয়েছেন, দলনেত্রীকে দল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে৷ খুব শীঘ্রই কোন শিবিরে যাবেন তা স্থির করে নেবেন৷ প্রস্তাব কংগ্রেসে যোগ দেওয়ার জন্য এসেছে৷ কিন্তু এখনো তিনি ঠিক করেননি কোন দলে যাবেন৷ সূত্রের খবর, দলবল নিয়ে শীঘ্রই বিজেপিতে যোগ দিতে যাবেন সুরজিৎ দত্ত৷ কিন্তু, বিজেপিতে যোগ দিয়েও সুরজিৎবাবুর রাজনৈতিক ক্যারিয়ার কতটা সুরক্ষিত হবে সেই প্রশ্ণও দেখা দিয়েছে৷ তাঁর ঘনিষ্ঠ মহলেরএকাংশের ধারণা, তৃণমূল ছেড়ে দিয়ে অবশেষে সুরজিৎবাবুর রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ হয় কিনা তাই দেখার বিষয়৷