চড়িলাম, ২৯ মে : উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ফকিড়ামুড়া এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা বিশালগড় মহকুমা শাসক এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান।
কৃষকদের অভিযোগ, গত এপ্রিল মাসে হওয়া ভয়াবহ ঝড়-বৃষ্টি ও তুফানের ফলে নদীর পাড়ে থাকা একটি বিশাল বাঁশঝাড় গোড়া-সহ উপড়ে নদীর মধ্যে পড়ে যায়। এরপর থেকেই নদীর স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হয়ে জল কৃষিজমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বিস্তীর্ণ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চাষাবাদে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
এলাকার কৃষকদের দাবি, নদীতে পড়ে থাকা বাঁশঝাড় দ্রুত কেটে সরিয়ে ফেলা হোক, যাতে নদীর জল স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে এবং কৃষিজমি আরও ক্ষতির হাত থেকে রক্ষা পায়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।



















