আগরতলা, ২৮ আগস্ট: রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
এদিন বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাঁদের সঙ্গে রাখীবন্ধনের আনন্দ ভাগ করে নেন তিনি। পাশাপাশি সীমান্তে দায়িত্ব পালনকারী জওয়ানদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
প্রতিমা ভৌমিক বলেন, দেশের সুরক্ষার জন্য বিএসএফের জওয়ানরা পরিবার ও ঘরবাড়ি থেকে বহু দূরে সীমান্তে দায়িত্ব পালন করেন। নিজেদের পরিবার থেকে দূরে থেকেও তাঁরা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে চলেছেন।
তিনি আরও বলেন, শুভ রাখীবন্ধন উৎসব উপলক্ষে আখাউড়া চেকপোস্টে বিএসএফের ভাইদের হাতে রাখি পরাতে পেরে তিনি গর্বিত। দেশের নিরাপত্তায় তাঁদের আত্মত্যাগ ও দায়িত্ব পালনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।























