আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট ১,৩৩,২৮৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। শুক্রবার বিধানসভায় এই তথ্য জানান মুখ্যমন্ত্রী তথা আইনমন্ত্রী ড. মানিক সাহা।
কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উত্থাপিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে মোট ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন ছিল। এর বিপরীতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১,৩৩,২৮৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই পরিসংখ্যান রাজ্যের নিম্ন আদালতগুলিতে মামলার বিপুল চাপের পাশাপাশি এক বছরে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তির চিত্রও তুলে ধরেছে।
এদিকে, সিপিআই(এম) বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের পৃথক প্রশ্নের জবাবে ধর্ষণ ও পকসো মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টগুলির কার্যক্রম সম্পর্কেও বিধানসভায় তথ্য দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে ধর্ষণ ও পকসো মামলার দ্রুত বিচার ও নিষ্পত্তির লক্ষ্যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টগুলির জন্য রাজ্য সরকার ২ কোটি ৮ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা ব্যয় করেছে।
ওই অর্থবর্ষে এই আদালতগুলির মাধ্যমে মোট ১০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে আরও ২৩৫টি মামলা বিচারাধীন রয়েছে বলে সরকারি জবাবে জানানো হয়েছে।
ধর্ষণ ও শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত সংবেদনশীল মামলাগুলির দ্রুত শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টগুলি কাজ করছে। বিধানসভায় পেশ করা তথ্য অনুযায়ী, একদিকে নিম্ন আদালতগুলিতে মামলার উল্লেখযোগ্য চাপ রয়েছে, অন্যদিকে বিশেষ আদালতের মাধ্যমে যৌন অপরাধ ও পকসো মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগও অব্যাহত রয়েছে।



















