নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৮ মে : রাজ্যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নতুন দাবিতে সরব হল ব্রু বা রিয়াং শরণার্থীরা। পৃথক ভিলেজের মর্যাদা প্রদান ও আলাদা ভিলেজ কমিটি গঠনের দাবিতে শুক্রবার আমবাসা মহকুমাধীন হাদুকলক পাড়া এলাকার ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পে বসবাসরত পরিবারগুলির দাবি, তাদের বসবাসকারী এলাকাকে পৃথক ভিলেজ হিসেবে স্বীকৃতি দিয়ে আলাদা ভিলেজ কমিটি গঠন করতে হবে। এদিন মহকুমা শাসক রিঙ্কু রিয়াং অনুপস্থিত থাকায় ডেপুটেশন গ্রহণ করেন ডিসিএম অনীশ দেবনাথ।
ডেপুটেশন প্রদানকারীরা জানান, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে যদি ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পকে পৃথক ভিলেজ হিসেবে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে ওই এলাকায় নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানানো হবে।
রিয়াং শরণার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন মৌলিক সমস্যার মধ্যে বসবাস করছেন। প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। ফলে বাধ্য হয়েই এবার তারা সংগঠিতভাবে আন্দোলনের পথে নেমেছেন।
এদিন আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দেন, দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে সামিল হবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।



















