আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা-মা। রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ জোলাইবাড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, লতুয়াটিলা এলাকার বাসিন্দা সুশাঙ্কর মজুমদার তাঁর স্ত্রী রেশমি রিয়াং মজুমদার এবং ৮ বছরের ছেলে তুষার মজুমদারকে নিয়ে একটি বাইকে করে জোলাইবাড়িতে গণেশ পুজো দেখতে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছতেই আচমকা বাইকের সামনে একটি কুকুর চলে আসে।
কুকুরটিকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর বাইকটি রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত তিনজনকে উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৮ বছরের তুষার মজুমদারের।
বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তুষারের বাবা সুশাঙ্কর মজুমদার ও মা রেশমি রিয়াং মজুমদার। দুর্ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি তুষারের বাবা। পরে তুষারের জেঠু শংকর মজুমদার ঘটনার বিস্তারিত বিবরণ দেন।
এদিকে, দুর্ঘটনাকে ঘিরে আরও একটি বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাইকটি সরিয়ে নেওয়া হয়েছে। কে বা কারা বাইকটি সেখান থেকে সরিয়ে নিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাইকটি সরিয়ে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখলেই ঘটনার পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।



















