News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয় ‘ভয়মুক্তির সূচনা’, মন্তব্য মুখ্যমন্ত্রীর
Image

পশ্চিমবঙ্গে বিজেপির জয় ‘ভয়মুক্তির সূচনা’, মন্তব্য মুখ্যমন্ত্রীর



আগরতলা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে “ভয় ও আতঙ্কের রাজনীতি থেকে মুক্তি” বলে অভিহিত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সোমবার আগরতলায় বিজেপির বিজয় মিছিলে অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং দীর্ঘদিনের ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে আসতে চেয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ আনন্দিত। বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। মানুষ পরিবর্তন চেয়েছিল এবং ভয়-আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে এসেছে।” প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, পুদুচেরি এবং ত্রিপুরার ধর্মনগর উপনির্বাচনেও বিজেপির সাফল্যকে কেন্দ্র করে গোটা রাজ্যেই বিজেপির কর্মীরা আনন্দ উৎসাহে মেতে উঠেছেন। এদিন প্রদেশ বিজেপির উদ্যোগে এক বিজয় মিছিল শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করেন। মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য, সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বগণ।

এদিন বিজয় মিছিল থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ দলের সর্বস্তরের নেতৃত্ব ও কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এই জয় সম্ভব হয়েছে।

মানিক সাহা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে নিরলসভাবে কাজ করেছেন, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি মুখ্যমন্ত্রী ও কর্মীরা যেভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার ফলেই এই ঐতিহাসিক জয় এসেছে।”

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, পুদুচেরি এবং ত্রিপুরার ধর্মনগর উপনির্বাচনেও বিজেপির সাফল্য দলকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি কেরলেও বিজেপির অগ্রগতির বিষয়টি উল্লেখ করেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনামলে রাজ্যে দীর্ঘদিন ধরে “গুন্ডারাজ, দুর্নীতি ও অপশাসন” চলেছে। তাঁর বক্তব্য, মানুষ শান্তি, নিরাপত্তা, সুশাসন ও উন্নয়ন চায়।
তিনি বলেন, “ভয় দেখিয়ে কিংবা দুর্নীতির মাধ্যমে কোনও রাজ্য চালানো যায় না। দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য এই জনাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জনগণকে “ঐতিহাসিক পরিবর্তনের” জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রচারে অংশ নেওয়া ত্রিপুরার বিজেপি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
আগরতলায় এদিন বিজেপির বিজয় মিছিলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় কর্মী-সমর্থকরা আবির খেলা, মিষ্টিমুখ ও শোভাযাত্রার মাধ্যমে জয়ের আনন্দ উদযাপন করেন।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top