আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে জোটের সম্ভাবনা জিইয়ে রাখলেন প্রদেশ কংগ্রেস স্ক্রিনিং কমিটির চেয়ারপার্সন দীপা দাসমুন্সিও। ত্রিপুরা সফরে এসে আজ তিনি বুঝিয়ে দিয়েছেন, জয়ের সম্ভাবনা খতিয়ে দেখে কর্মীদের সাথে আলোচনার ভিত্তিতে প্রার্থী নির্ণয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন তিনি বলেন, প্রদেশ কংগ্রেসের স্ক্রিনিং কমিটির দায়িত্বে রয়েছি। তাই, ত্রিপুরায় দলের পরিস্থিতি বুঝতে এসেছি। তাঁর কথায়, হিমাচলে মানুষ বুঝতে পেরেছিলেন পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ, তেমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ত্রিপুরাতেও মানুষ অনুভব করছেন, পরিস্থিতি অনেকটাই বদলেছে।তাঁর দাবি, ত্রিপুরায় পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় এখানে কংগ্রেস অনেকটাই উজ্জীবিত। তাই, সঠিক প্রার্থী বাছাইয়ে চেষ্টা করা হচ্ছে। তাঁর বক্তব্য, জয়ের সম্ভাবনা খতিয়ে দেখে কর্মীদের সাথে আলোচনার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। তাতে স্পষ্ট, নির্বাচনে কংগ্রেস জোটের পথেই হাটছে।



















