নয়াদিল্লি, ২ জুন (হি.স.): ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেঞ্জামিন গ্যান্টজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার দিল্লিতে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর চুক্তি বিনিময়ও হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “প্রতিরক্ষা সহযোগিতা এবং বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কিত মূল বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা ইজরায়েলের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে অনেক গুরুত্ব দিয়েছি।”
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এদিন জানিয়েছে, কৌশলগত বৈশ্বিক চ্যালেঞ্জ, সামরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সহযোগিতা-সহ নানা বিষয়ে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেঞ্জামিন গ্যান্টজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিকাশের ওপর আলোকপাত করেন তাঁরা।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেঞ্জামিন গ্যান্টজ বলেছেন, “ভারত ও ইজরায়েল সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই-সহ বিভিন্ন বিষয়ে সহমত পোষণ করে। একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা বাড়াতে পারি এবং উভয় দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে পারি।”

