শান্তিরবাজার, ৮ সেপ্টেম্বর: অতিরিক্ত গতির বলি হতে হতে অল্পের জন্য রক্ষা পেল দুই প্রাণ। শান্তিরবাজারের আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দুটি বোলেরো গাড়ির বিকট মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে গেলেও, অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন দুই চালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওএনজিসি-তে কর্মরত একটি বোলেরো (নম্বর: টিআর০১ – এইচ – ৪৪১০) এবং একটি বোলেরো পিকআপ ভ্যান (নম্বর: টিআর ০৩_ সি_ ১৫৯৩)-এর মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষের বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পরপরই এই ব্যস্ততম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ ও আটকে পড়ে বহু যানবাহন।
খবর পেয়েই দ্রুত অকুস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। তারা তৎপরতার সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে যানজট মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার কারণ বলে মনে করা হলেও, পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হয় যে—কোনো একটি গাড়ি নয়, বরং দুটি গাড়ির চালকেরই বেপরোয়া গতি ও অসাবধানতার কারণেই এই সংঘর্ষ ঘটেছিল। ঘটনা সংক্রান্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও তদন্ত জারি রেখেছে শান্তিরবাজার থানার পুলিশ।



















