আগরতলা, ৮ সেপ্টেম্বর: কমলপুর শহর সংলগ্ন ধলাই নদীর তীরে অবস্থিত হালহুলী দশমী ঘাট এলাকায় নদী ভাঙনের ফলে একের পর এক কৃষিজমি নদীগর্ভে চলে যাচ্ছে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, ধলাই নদীর ভাঙনের বিষয়টি কমলপুর জলসম্পদ দপ্তরকে জানানো হলেও এখনও পর্যন্ত দপ্তরের আধিকারিকদের তেমন কোনও তৎপরতা চোখে পড়েনি। ফলে দিন দিন ভাঙনের তীব্রতা বাড়ছে এবং নদীর তীরবর্তী কৃষিজমি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, প্রায় এক মাস আগে টানা বৃষ্টির জেরে ধলাই নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নদীর জল বাড়তে থাকায় হালহুলীর নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে পড়ে। সেই সময় নদীর স্রোতের প্রবল চাপেও বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। বর্তমানে ভাঙনের ফলে বহু কৃষিজমি নদীগর্ভে চলে গেছে বলে দাবি স্থানীয়দের।
এদিকে, হালহুলী এলাকায় প্রতিমা বিসর্জনের সুবিধার জন্য সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না দাস পাল বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ ব্যয় করে একটি আধুনিক দশমী ঘাট নির্মাণ করে দিয়েছিলেন। কিন্তু নদী ভাঙনের কারণে সেই ঘাট সংলগ্ন এলাকাতেও এখন উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দশমী ঘাট ও সংলগ্ন কৃষিজমি রক্ষায় অবিলম্বে নদীর পাড়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য জলসম্পদ দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।



















