আগরতলা, ১৯ এপ্রিল: বর্ডার এলাকা থেকে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিট নাগাদ কদমতলা থানার পুলিশ এবং রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ-এর যৌথ অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বর্ডার এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, রানীবাড়ি সীমান্ত এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়। পরে কদমতলা থানার পুলিশের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি চালানো হলে সেখান থেকে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া এই ইয়াবা ট্যাবলেটগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করে রাখা হয়েছিল। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ ও বিএসএফ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



















