বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় আশুতোষ দাসের বাড়িতে। মৃত শ্রমিকের নাম তপন দেবনাথ। তিনি বিশালগড়ের মধ্য ব্রজপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, শনিবার বাড়িটির ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলার উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তপন দেবনাথ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত শ্রমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তপন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে। ময়নাতদন্তের পর তপন দেবনাথের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
























