আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সম্মাননা-২০২৬ অনুষ্ঠান।
বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন এবং ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সূচনা করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জয়ন্তী মাহাতো।
অনুষ্ঠানে উদয়পুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৮২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি পালকে বিশেষ সম্মাননা প্রদান করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, মানবসম্পদই দেশের শ্রেষ্ঠ সম্পদ এবং সেই সম্পদ গড়ে তোলার প্রধান কারিগর হলেন শিক্ষকরা। শিক্ষকদের অবদান ছাড়া একটি উন্নত ও শক্তিশালী সমাজ এবং দেশ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়নের মাধ্যমে দেশ ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সম্মাননা-২০২৬ কর্মসূচি।
























