আগরতলা, ৫ সেপ্টেম্বর : বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে এক ব্যক্তিকে মারধর করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে স্বপ্না ফাউন্ডেশন রিহ্যাব সেন্টারের কর্ণধার শুভম বিশ্বাসসহ মোট আটজনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১১৮(১) ও ১০৩(১) ধারায় মামলা করা হয়েছে।
ওসি পরিতোষ দাস জানান, গত ১৬ আগস্ট শাহানা দাস ভট্টাচার্য এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ গত ৯ আগস্ট তাঁর স্বামী তুহিনশুভ্র ভট্টাচার্যকে স্বপ্না ফাউন্ডেশন রিহ্যাব সেন্টারে মারধর করা হয়। পরে তাঁকে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর চিকিৎসা, ওষুধ এবং চিকিৎসক দেখানোর জন্য পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়েছিল এবং আরও টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন শাহানা।ওই অভিযোগের ভিত্তিতে এনসিসি থানায় ৫৯/২০২৪ নম্বর মামলা রুজু করা হয়। পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত স্বপ্না ফাউন্ডেশনের কর্ণধার শুভম বিশ্বাস, অফিসের কর্মী এবং রিহ্যাব সেন্টারে থাকা ব্যক্তিদের মধ্যে মোট আটজনের বিরুদ্ধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে। এরপরই তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মৃতের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গিয়েছে এবং রিপোর্টেও তার উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, পূর্বে এমন কোনও অভিযোগ তাদের কাছে ছিল না। তবে বর্তমান অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানিয়েছে, রিহ্যাব সেন্টারে ভর্তির সময় পরিবারের কাছ থেকে প্রথমে ৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আরও টাকা নেওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার আটজনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে এনসিসি থানার পুলিশ।



















