আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন উদয়পুরের ফুলকুমারী এলাকার বাসিন্দা শুভদীপ দাস।
জানা গেছে, রাত প্রায় ১১টা ৫৫ মিনিট নাগাদ পালটানা এলাকার একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন শুভদীপ। পথে খিলপাড়া সিএনজি স্টেশনের কাছে গাড়ি থামিয়ে তিনি একটি দোকানে যান। সেই সময় গাড়ি রাখা নিয়ে খিলপাড়া এলাকার মোবারক হোসেন ও সোহেল মিয়ার সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় বলে অভিযোগ।
অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে শুভদীপ দাসের উপর চাবি দিয়ে এবং কিল-ঘুষি মেরে হামলা চালানো হয়। ঘটনায় তিনি আহত হলে তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে, ঘটনার পর স্থানীয়রা মোবারক হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে অসুস্থ অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
এই ঘটনায় আহত শুভদীপ দাসের মা সুস্মিতা দাস রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ কী এবং হামলার ঘটনায় কার বা কাদের ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।



















