আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায় তিনটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিআর০১সিএইচ০২২৬ নম্বরের একটি গাড়ি খোয়াই থেকে তেলিয়ামুড়ার দিকে যাওয়ার সময় সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় অটোটি রাস্তার পাশের একটি গর্তে গিয়ে পড়ে। এরপর নিয়ন্ত্রণহীন গাড়িটি আরও একটি মালবাহী গাড়িতে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় খোয়াই দমকল দপ্তর ও খোয়াই থানায়। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় অনেক সময় যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি খোয়াই পুলিশ ও ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে এলাকায় বিশেষ নজরদারি বাড়ানোরও দাবি উঠেছে।



















