গুয়াহাটি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লিতে মণীষ সিসোদিয়াকে গ্রেফতারের প্রতিবাদের ঢেউ অসমেও আছড়ে পড়েছে। আজ রবিবার সকালে গুয়াহাটির বশিষ্ঠয় বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে আম জনতা পার্টি (আপ)-র বহু কর্মীকে আটক করেছে মেট্রো পুলিশ। বিক্ষোভ প্রদর্শনকালে আপ কর্মীরা মুহুর্মুহু ‘বিজেপি গো ব্যাক’, ‘শিগগির মণীষ সিসোদিয়াকে মুক্ত করতে হবে’ ইত্যাদি স্লোগান দিয়ে এলাকার পরিবেশ উত্তাল করে তুলেন। প্রতিবাদীরা বিজেপি দফতর চত্বরের প্রবেশ করতে চাইলে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।
বিক্ষোভ প্রদর্শনকারীদের বক্তব্য, গতকাল দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীষ সিসোদিয়েকে অত্যন্ত অন্যায়ভাবে সিবিআই গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। অথচ তাকে গ্রেফতার করতে প্রচণ্ড চাপ দিয়েছিল বিজেপি নেতৃত্ব। তাই তাদের রাজনৈতিক প্রভুদের কথা মানতে গিয়ে সিবিআই সিসোদিয়াকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল ২৬ ফেব্রুয়ারি দিল্লিতে সিবিআই কর্তৃক ‘বন্ধু মণীষ সিসোদিয়া’কে গ্রেফতারের পর অসমের শিবসাগরের বিধায়ক বামপন্থী আঞ্চলিক দল ‘রাইজর দল’-এর সভাপতি অখিল গগৈ তীব্র নিন্দা করেছিলেন। সিসোদিয়ার গ্রেফতারিকে কেন্দ্রের বিজেপি সরকারের আতিশয্য বলে অভিহিত করেছিলেন অখিল। সরকারের এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে ভারতজুড়ে প্রতিবাদ করতে বিরোধী নেতাদের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি।

