আঙ্কারা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : দীর্ঘ ৬২ ঘণ্টা পর জীবিত উদ্ধার তুরস্কের ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুই বোন । স্থানীয় গাজিয়ানটেপের সরকারি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই দুই মহিলা হলেন ফাতেমা দেমির ও তার বোন মেরভি ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। দীর্ঘ ৬২ ঘণ্টা পর তাদের জীবিত উদ্ধার করা হয়।
এদিকে, ফাতেমা দেমির উদ্ধারকারীদের জানান, যখন ভূমিকম্প হয় তখন হুসরা নামের এক আত্মীয় তার কাছেই ছিল। তিনি জানান, ‘যখন ভূমিকম্প হয়, তখন আমার মাথার ওপর একটি কংক্রিটের স্লাব এসে পড়ে। আমি মেঝেতে পড়ে যাই। পাশেই হুসরা ছিল। আমি চাপা পড়া অবস্থায় কয়েকবার তার হাত ধরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ’
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত সোমবারের ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১২,৮৭৩-তে পৌঁছেছে ও আহত হয়েছেন ৬২,৯১৪ জন। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬২ জনের ও আহত হয়েছেন ৫,১০৮ জন। তুরস্কে ভেঙে পড়েছে অসংখ্য বহুতল। সেই সমস্ত বহুতলের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হিমশীতল আবহাওয়া উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

