নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): সংসদের বাজেট অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে ফের বৈঠকে বসল সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি। সোমবার সকালে সংসদ ভবনে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠকে বসেন বিরোধীরা। এই বৈঠকে কংগ্রেস, ডিএমকে, এনসিপি, বিআরএস, জেডি(ইউ), সমাজবাদী পার্টি, সিপিএম, সিপিআই, কেরল কংগ্রেস (জোস মানি), জেএমএম, আরএলডি, আরএসপি, এএপি, আইইউএমএল, আরজেডি এবং শিবসেনা নেতারা উপস্থিত ছিলেন। আদানি-হিন্ডেনবার্গ এবং অন্যান্য ইস্যুতে বৈঠক করেছেন বিরোধীরা।
এদিকে, বিরোধীদের বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকার নীরব, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী। খাড়গের কথায়, “আমরা সংসদে আদানি ইস্যু উত্থাপন করব। এত বড় ইস্যুতে সরকার নীরব, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী।”

