News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মণিপুরে ধস, শহীদ ত্রিপুরার বীর সন্তান সেনা জওয়ান সঞ্জয় দেবনাথ, নিখোঁজ আরেক জওয়ান
Image

মণিপুরে ধস, শহীদ ত্রিপুরার বীর সন্তান সেনা জওয়ান সঞ্জয় দেবনাথ, নিখোঁজ আরেক জওয়ান

আগরতলা, ২ জুলাই (হি. স.) : মণিপুরে ভূমিধসে কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন ভারতীয় সেনা জওয়ান ত্রিপুরার বীর সন্তান সঞ্জয় দেবনাথ। গত বুধবার গভীর রাতে মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে ধ্বস নেমেছিল। সেখানেই ছিল ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প। ওই ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। ভূমিধসে ত্রিপুরার বীর সন্তান বিশালগড়ের বাইদ্যারদীঘির কসবা এলাকার সঞ্জয় দেবনাথের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিকে, ত্রিপুরার আরেক বীর সন্তান প্রশান্ত কুমার দেব ওই ঘটনায় এখনো নিখোঁজ বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

প্রসঙ্গত, মণিপুরের ননে জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। এখনও খোঁজ নেই কমপক্ষে ৫৫ জনের, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। শুক্রবারই উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

তিনি বলেছেন, ‘‘রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা। ৮১ জনকে আমরা হারিয়েছি। যাঁদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন।’’

ভূমিধস এতটাই ভয়াবহ ছিল যে, পাহাড়ের নীচে ইজাই নদীর মাঝখানে বাঁধের সৃষ্টি করে গতিপথ অবরুদ্ধ করে রেখেছে। প্ৰতিকূল আবহাওার জন্য উদ্ধার অভিযান শেষ করতে আরও দু-তিনদিন সময় লাগবে বলে আজ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা জওয়ানদের পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘‘টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাঁদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ২৯ জন বাসিন্দাও। তাঁদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।’’ তবে ২৩ জনকে আহত অবস্থায় জীবন্ত উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে ধস নামে। সেই থেকে চলছে উদ্ধারকাজ। জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি নির্মীয়মাণ রেললাইনের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে সেনা মোতায়েন করা হয়েছিল।

এক শোকবার্তায় ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, ওই দুর্ঘটনায় শহীদ বীর সেনা জওয়ান সঞ্জয় দেবনাথের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷ তাঁর শোকসন্তপ্ত  পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি৷ তাঁর সাথে শহীদ সকল সেনা জওয়ানদের মৃত্যুতে আমি শোকাহত হয়েছি। তাঁদের সকলের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। মর্মান্তিক দুর্ঘটনায় আহত অন্যান্য সেনা জওয়ানদের আমি দ্রুত সুস্থতা কামনা করছি৷

এদিকে, ওই ত্রিপুরার খোয়াই জেলার বাসিন্দা প্রশান্ত কুমার দেব এখনো নিখোঁজ বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তবে, প্রশাসনিকভাবে এখনো তাঁর সম্পর্কে কোন খবর পাওয়া যায়নি। সকলেই তাঁর সুস্থভাবে উদ্ধারের প্রার্থনা করছে। জানা গেছে, শহীদ জওয়ান সঞ্জয় দেবনাথের মরদেহ আগামীকাল ত্রিপুরায় আনা হবে। 

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top