খড়গপুর,২২ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার অন্তর্গত পূর্ব আম্বা গ্রামে কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে তছনছ এলাকা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। ।
গতকাল রাতে হঠাৎ করে কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে প্রায় ৭০-৭৫ টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঝড়ে বেশ কিছু বাড়ির উপর গাছ পড়ে গিয়ে অ্যাসবেস্টার ও খড়ের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ির দেওয়ালও ধসে গেছে। ঘূর্ণিঝড়ে বেশ কিছু মাটির বাড়ির খড়ের চালা উড়ে যায়। বিদ্যুতের তারও ছিঁড়ে পুরো এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বুধবার সকাল প্রাথমিকভাবে রাস্তা সাফাইয়ে হাত লাগিয়েছেন স্থানীয়রাই। এরপর খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির বুকে দেখা মেলেছিল টর্নেডোর। দুপুর বেলা কেশিয়াড়ী ব্লকের ৮ নম্বর লালুয়া গ্রাম পঞ্চায়েতের বরাড় গ্রামে হঠাৎ শুরু হয় টর্নেডো ঝড়।

