নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় সংবাদপত্র অফিসে হামলার ঘটনায় তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে৷ কারণ, পশ্চিম আগরতলা থানার ওসির বিরুদ্ধেই অভিযোগ রয়েছে পত্রিকার মালিক-সম্পাদকের৷ আজ ত্রিপুরা পুলিশের আইজি আইন-শৃঙ্খলা অরিন্দম নাথ সাংবাদিক ও সম্পাদকদের প্রতিনিধি দলকে এ-কথা জানিয়েছেন৷ প্রসঙ্গত, বুধবার আগরতলায় মেলারমাঠে প্রতিবাদী কলম এবং ডেইলি দেশের কথা পত্রিকা অফিসে দুসৃকতিকারীরা হামলা করেছে৷ জিনিসপত্র ভাংচুরের পাশাপাশি দুর্বৃত্তরা গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে৷ ওই ঘটনার প্রতিবাদে আজ সাংবাদিক ও সম্পাদকরা পুলিশ মুখ্য কার্যালয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং পুলিশের আইজি আইন-শৃঙ্খলা অরিন্দম নাথের দোষীর গ্রেফতার দাবি রেখেছেন৷
আজ পুলিশ মুখ্য কার্যালয়ে আই জি আইন-শৃঙ্খলার সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন, প্রতিবাদী কলম এবং ডেইলি দেশের কথা পত্রিকা অফিসে হামলার ঘটনায় দোষীর গ্রেফতারের দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানানো হয়েছে৷ তিনি আশ্বস্ত করেছেন, প্রতিবাদী কলম পত্রিকা অফিসে হামলার ঘটনায় তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে ন্যস্ত করা হয়েছে৷ প্রণব বাবু বলেন, পশ্চিম আগরতলা থানার ওসির বিরুদ্ধে প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদকের অভিযোগ রয়েছে৷ তাই, সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ক্রাইম ব্রাঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, আজ সন্ধ্যার মধ্যে আইজি আইন-শৃঙ্খলা দুইটি পত্রিকা অফিস পরিদর্শন করবেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন৷
এদিকে ওই প্রতিনিধি দলের সদস্য আজকের ফরিয়াদ পত্রিকার পরিচালন অধিকর্তা শাণিত দেবরায় বলেন, পুলিশ পত্রিকা অফিসে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ তাই, পুলিশের তদন্তে আমরা নজর রাখব৷ প্রয়োজনে পরবর্তী সময়ে পুণরায় বৈঠকে বসে আগামী দিনের রূপরেখা নির্ণয় করা হবে৷ ওই পরতিনিধি দলের অপর সদস্য পিটিআই-র সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য বলেন, পুলিশের পদক্ষেপ আমরা পর্যালোচনা করব৷ তার ভিত্তিতে আগামী দিনে আন্দোলন স্থির করা হবে৷ এদিকে, আজ ফরেন্সিক টিম দুইটি পত্রিকা অফিস পরিদর্শন করেছে৷ বিভিন্ন খুটিনাটি বিষয় তাঁরা খতিয়ে দেখেছেন৷ প্রয়োজনীয় প্রমানাদি সংগ্রহ করেছেন৷

