ম্যাঞ্চেস্টার, ১০ সেপ্টেম্বর (হি.স) : ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট ঘিরে তৈরি হয়েছে সংশয়ের মেঘ। শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও শেষমুহূর্তের সিদ্ধান্তে জানানো হয় পিছিয়ে যাচ্ছে সিরিজের অন্তিম টেস্টটি। বিগত দুই দিন ধরে বিসিসিআই ও ইসিবির মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল হয়ে যায় ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর শুক্রবার টেস্ট শুরু হওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু শুক্রবার সেই টেস্ট শুরু হচ্ছে না।
বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার। তাঁর সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মা। রাতে ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ম্যাচ বাতিল করার প্রস্তাব দিয়েছিল। তাতে সিরিজটাই বাতিল হয়ে যেত। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা বিরাট কোহলীরা তেমনটা চাননি। শুক্রবার তাই মাঠে নামার কথা ছিল দুই দলের।
গত ৫ সেপ্টেম্বর রবি শাস্ত্রীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়। শাস্ত্রীর সংস্পর্শে আসা ভরত অরুণ, আর শ্রীধর, নিতিন পটেলরাও করোনা আক্রান্ত হন। তাঁদের সকলকেই লন্ডনে নিভৃতবাসে রেখে ম্যাঞ্চেস্টারে আসেন কোহলীরা। করোনা তবুও পিছু ছাড়ল না ভারতীয় দলের।
যদিও এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ট্রেন্ট ব্রিজে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ড্র হওয়ার পর লর্ডসে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় পায় বিরাটব্রিগেড। তবে হেডিংলিতে তৃতীয় টেস্টে ইনিংসে হার মানতে হয় ভারতকে। ওভালে চতুর্থ টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারতীয় দল। রুটবাহিনীকে ১৫৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বিরাটবাহিনী।
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

