News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্য ও পরিষেবা কর বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Image

পণ্য ও পরিষেবা কর বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

নয়াদিল্লি, ২০ মার্চ৷৷ কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর বিল, ২০১৭ (সিজিএসটি বিল), সুসংবদ্ধ পণ্য ও পরিষেবা কর বিল, ২০১৭ (আইরিজএসটি বিল), কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর বিল, ২০১৭ (ইউটিজিএসটি বিল) এবং পণ্য ও পরিষেবা কর (রাজ্যগুলিকে ক্ষতি পূরণ দান সম্পর্কিত) বিল, ২০১৭ সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত উল্লেখ্য, ঐ চারটি বিল এর আগেই অনুমোদন লাভ করেছে পণ্য ও পরিষেবা কর পরিষদের৷ এজন্য বিভিন্ন দফায় গত ছ’মাসে পরিষদের বারোটি বৈঠক অনুষ্ঠিত হয়৷ পণ্য ও পরিষেবা কর দ্রুত চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার৷ অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এটি তার মধ্যে শুধুমাত্র তাৎপর্যপূণই নয়, বৃহত্তমও বটে৷ পণ্য ও পরিষেবা কর আগমী পয়লা জুলাই থেকে চালু করার সিদ্ধান্ত নিয়েছে পণ্য ও পরিষেবা কর পরিষদ৷ পণ্য ও পরিষেবা করের আওতার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কে সারা দেশেই এক বিশেষ প্রচারাভিযান শুরু করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বিগত বাজেট ভাষণে৷
চলতি বাজেট অধিবেশনেই ঐ চারটি বিল সংসদে পেশ করবে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্র চাইছে আগামী ১ জুলাই থেকে সারা দেশে পণ্য পরিষেবা কর চালু হোক৷ ইতিমধ্যে রাজ্যগুলির দাবি অনেকটাই মেনে নেওয়ায় এই বিল বিভিন্ন রাজ্যের বিধানসভাতে পাশ করার ক্ষেত্রে কোন সমস্যা হওয়ার কথা নয়৷
দ্বৈত নিয়ন্ত্রণ নিয়ে পণ্য পরিষেবা কর চালু করার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল৷ যার কারণে নতুন এই কর পদ্ধতি সারা দেশে চালু করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল৷ জিএসটি কাউন্সিলের একাধিক বৈঠকে তার সুরাহা হয়নি৷ অবশেষে জিএসটি কাউন্সিল বিভিন্ন রাজ্যের দাবিতে সম্মতি দেয়৷ এই আইন কার্যকর হলে উৎপাদনশীল রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হবে বলে সেই রাজ্যগুলির তরফে আপত্তি জানানো হয়েছিল৷ শুধু তাই নয়, দ্বৈত নিয়ন্ত্রণ নিয়ে সর্বাধিক মতানৈক্য দেখা দিয়েছিল৷ কিন্তু জিএসটি কাউন্সিল সমস্ত সমস্যার সমাধান করতে পেরেছে৷ অবশ্য এই নয়া আইন চালু হলে রাজ্যের তেমন কোন ক্ষতি হবে না৷
পণ্য পরিষেবা কর ব্যবস্থায় সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে হবে৷ তাতে স্বচ্ছতা আসবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার৷ কর ব্যবস্থা সরল হবে বলেও দাবি কেন্দ্রের৷ ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে ব্যবসায়ীদের জিএসটি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ নতুন এই কর ব্যবস্থাপনায় অনেক ব্যবসায়ী শুরুতে ধাক্কা খাবেন বলেও অনুমান৷ তবে, কেন্দ্রের বক্তব্য নতুন এই কর ব্যবস্থায় ছোট, মাঝারি এবং বড় ব্যবসায়ীরা সহজেই অনলাইনে সমস্ত কিছুই রপ্ত করতে পারবেন৷ রাজ্যের অধিকাংশ ব্যবসায়ীরা জিএসটিকে স্বাগত জানিয়েছেন৷ তাদের বক্তব্য, বিক্রয় কর দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাপনা চালু হলে অনেকটাই সুবিধা হবে৷
কেন্দ্রের বক্তব্য, পণ্য পরিষেবা কর সারা দেশে চালু হলে অনেক জিনিসপত্রের দাম কমবে৷ কিছু কিছু জিনিসপত্রের দাম বাড়লেও তাতে সাধারণ জনগণের উপর তেমন কোন প্রভাব পড়বে না৷ তাই এখন কেন্দ্র এই পণ্য পরিষেবা কর ১ জুলাইয়ের মধ্যেই চালু করার জোর তৎপরতা শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top