News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী আইনজীবীর অব্যাহতি ইস্যুতে সরগরম বিধানসভা
Image

সরকারী আইনজীবীর অব্যাহতি ইস্যুতে সরগরম বিধানসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ পরিমল সাহা হত্যা মামলায় সরকারি উকিলের ভূমিকা নিয়ে বিরোধীরা আইনমন্ত্রীর স্পষ্টীকরণে সন্তুষ্ট হতে পারেননি৷ এমনকি, অধিবেশনের দ্বিতীয়ার্ধে এই ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে অধিবেশন দশ মিনিটের জন্য মুলতুবি ঘোষণা করা হয়েছিল৷

এদিন বিরোধীরা বিধানসভায় দাবি জানান, পরিমল সাহা হত্যা মামলায় সরকারি আইনজীবী অভিজিৎ ঘোষকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে৷ আইনমন্ত্রী বিরোধীদের এই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়ে জানান, বহু মামলায় শ্রীঘোষ দক্ষতার পরিচয় দিয়েছেন৷ সুতরাং তাঁকে সরকারি আইনজীবীর পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রশ্ণই আসে না৷ এনিয়ে বাদানুবাদের মধ্যে বেলা একটা বেজে গেলে অধ্যক্ষ প্রথমার্ধের অধিবেশন মুলতুবি ঘোষণা করেন৷ কিন্তু দ্বিতীয়ার্ধের অধিবেশন শুরু হতেই কংগ্রেসের তিন বিধায়ক পুনরায় এই ইস্যুতে আলোচনার জন্য দাবি জানান এবং আইনমন্ত্রীকে সভায় আসতে অনুরোধ করেন৷ কিন্তু উপাধ্যক্ষ পবিত্র কর অধ্যক্ষের সিদ্ধান্ত তুলে ধরে স্পষ্ট জানিয়ে দেন এখন এই বিষয়ে আলোচনার কোন সুযোগ দেওয়া সম্ভব নয়৷ তাতে, বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ প্রচন্ড হৈহট্টগোলের মাঝেই উপাধ্যক্ষ বাজেট আলোচনা শুরু করার নির্দেশ দেন৷ সেমত ট্রেজারি বেঞ্চের সদস্য সুধন দাস ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু করেন৷ তখনই বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং স্লোগান দিতে থাকেন৷ এক সময় পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠলে উপাধ্যক্ষ দশ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি ঘোষণা করেন৷

এদিন বিধানসভা অধিবেশনে উল্লেখ পর্বে পরিমল সাহা হত্যা মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে বিরোধী বেঞ্চে কিছুটা উত্তেজনা দেখা যায়৷ বুধবার একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত পরিমল সাহা হত্যা মামলা সংক্রান্ত সংবাদের বিষয়ে স্পষ্টীকরণ চেয়েছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা৷ আজ আইনমন্ত্রী তপন চক্রবর্তী স্পষ্টীকরণ দিয়ে জানান, এবিষয়ে আইন সচিবের বক্তব্য নেওয়া হয়েছে৷ তিনি পিপি অভিজিৎ ঘোষের বক্তব্য তুলে ধরে জানান, মামলায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জামিনের আবেদনের বিরুদ্ধে কোন মন্তব্য করতে পারেননি৷ আইনমন্ত্রী এও জানান, আদালত তাঁর কাছে জামিনের বিষয়ে কিছুই জানতে চাননি৷ তাতে বিরোধী বেঞ্চ পিপি’র ভূমিকায় সমালোচনায় মুখর হন৷

বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, জামিনের আবেদনের বিষয়ে আপত্তি থাকলে সেটা বিরোধী পক্ষের আইনজীবীকে সম্মতি রয়েছে কিনা তা জিজ্ঞেস করতে হয় না৷ জামিনের বিরোধীতা স্বাভাবিক নিয়মেই বিরোধীপক্ষের আইনজীবী করেন৷ কিন্তু এই মামলায় সরকারি আইনজীবী কোন আপত্তি জানাননি৷ শুধু তাই নয়, এমন একটা স্পর্শকাতর মামলায় যা অনেকদিন আগেই উচ্চ আদালতে শুনানির দিন নির্দিষ্ট হয়ে রয়েছে সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখা তাঁর দায়িত্ব ছিল৷ বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, সরকারি আইনজীবীদের ভূমিকা এমন হলে রাজ্যে বিচার পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে৷ বিরোধীরা আইনমন্ত্রীর কাছে সরকারি আইনজীবী অভিজিৎ ঘোষকে অব্যাহতি দেওয়ার জোরালো দাবি জানান৷ কিন্তু আইনমন্ত্রী বিষয়টি উড়িয়ে দিলে বিরোধীরা চটে লাল হয়ে যান এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন৷ তাতে বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে৷ এই পরিস্থিতিতে অধ্যক্ষ হস্তক্ষেপ করেন এবং বিরোধীদের বিক্ষোভের হাত থেকে আইনমন্ত্রীকে বাঁচিয়ে দেন৷ তিনি সভায় স্পষ্ট জানিয়ে দেন এনিয়ে আরো আলোচনার সুযোগ দেওয়া হবে না৷ কারণ, যে স্পষ্টীকরণ বিরোধীরা চেয়েছিলেন আইনমন্ত্রী সেটা দিয়েছেন৷ এই কথা বলে বেলা একটা বেজে যাওয়ায় প্রথমার্ধের অধিবেশন অধ্যক্ষ মুলতুবি ঘোষণা করেন৷

কিন্তু পরিমল সাহা হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে না পেরে বিরোধীরা অধিবেশনের দ্বিতীয়ার্ধেও বিষয়টি উত্থাপন করে বিক্ষোভ দেখালে উপাধ্যক্ষ পবিত্র কর দশ মিনিটের জন্য সভা মুলতবি করে দেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top