News Flash

  • Home
  • Uncategorized
  • ডাঃ হোমচৌধুরী জীবন দিয়ে রাজ্যের স্বাস্থ্য সেবার অন্তঃসার শূণ্যতার প্রমাণ দিলেন
Image

ডাঃ হোমচৌধুরী জীবন দিয়ে রাজ্যের স্বাস্থ্য সেবার অন্তঃসার শূণ্যতার প্রমাণ দিলেন

৷৷ অনুপ নাগ৷৷ আগরতলা, ১৮ জুন৷৷ ‘দিন যায় কথা থাকে৷’ শুরুটা এভাবেই করি৷ গতায়ু হলেন একজন স্বনামধন্য চিকিৎসক, নাম এ কে হোমচৌধুরী৷ ৭৪ বছরে তাঁর জীবনের সবগুলি দিন ফুরিয়ে গেল৷ শুক্রবার আগরতলায় বিশ্বমানের হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয় প্রবীন চিকিৎসক ডঃ হোমচৌধুরীর৷ চিকিৎসক এ কে হোমচৌধুরীর সাথে আমার পরিচয় সেই বহু বছর আগে যখন আমি অন্য একটি দৈনিক খবরের কাগজে কাজ করতাম৷ মাঝে মাঝে মনে হয় কী যেন এক ধূমকেতুর মায়াজালে পড়ে, এমন কিছু ব্যক্তিবিশেষের সাথে আচমকাই পরিচয় হয়ে যায়, যা মরমে মর্মস্পর্শী হয়ে থাকে প্রতিক্ষণে৷ এ কে হোমচৌধুরী এমন কোন বিশেষ ব্যক্তি নন যাঁকে নিয়ে একটি নিবন্ধ তৈরী করতে হবে৷ কিন্তু, ঐ যে বললাম মরমে মর্মস্পর্শী সেটাই বড় কথা, বড় আক্ষেপের৷ নিজের কাছে নিজেই জানতে চাই কেন এমনটা হল৷ কেন হল পরিচয়৷
এ কে হোমচৌধুরীকে আমার সাথে পরিচয় করিয়ে দেন তাঁরই স্ত্রী মানসী হোমচৌধুরী৷ তিনিও এখন আর বেঁচে নেই৷ প্রদেশ কংগ্রেস ভবনে তাঁর (মানসী) ছিল নিত্যদিনকার আনাগোনা৷ আমি পত্রকার, আর এজন্যই মানসীদির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাই৷ তিনি কংগ্রেস করতেন৷ কিন্তু, জীবনে কিছুই পাননি৷ বরং, নানাভাবে সহায়তা করেছেন এমন অগুণতি ব্যক্তি বিশেষকে৷ হায়রে! দলটি কংগ্রেস বলেই বোধহয় এমন হয়৷ তারপরতো জীবন প্রবাহ বহুদূর গড়িয়ে যায়৷ একদিন শুনলাম দিদি আর নেই৷ দল তাঁকে সম্ভবত দু’টি ফুলের পাপড়িও দেয়নি৷ জানি না ভুল বললাম কি না৷
যাক, চলে আসি এক বৃষ্টিস্নাত সন্ধ্যারাতে৷ ডাঃ হোমচৌধুরীবাবু আমার কাছে আসলেন, মাথায় ছাতা৷ বললাম এমন দুর্যোগের সন্ধ্যায় বেরিয়েছেন৷ ধারে কাছে চা তো কোথাও পাব না৷ বললেন, না না আজ আর চা কোথায় পাবেন৷ আপনার কাছে একটি কথা বলব বলে এসেছি৷ বললাম, কী কথা বলুন তো৷ বললেন, আমার ঘরে ফ্রীজ নেই৷ আমাকে ইস্টলমেন্টে একটি ফ্রীজের ব্যবস্থা করে দিতে পারেন৷ আমি তো অবাক৷ একজন চিকিৎসক যাঁর এত যশ তিনি কিনা আমার মতো এক নগন্য কলমচীর কাছে এমন একটি অদ্ভুত দাবী নিয়ে এসেছেন! পরদিন নিয়ে গেলাম আমারই পরিচিত এক শোরুমে৷ সেখান থেকে তিনি নিয়ে গেলেন সেই ফ্রীজ৷ স্মৃতি সততই মধুর, সত্যি মধুরই বটে৷ কারো পারিবারিক জীবন নিয়ে আমার কোন কৌতুহল নেই৷ কিন্তু, তা সত্বেও বলতে পারি হোমচৌধুরীর পরিবারে কোথাও যেন একটি অভিশপ্ততা বরাবর বিরাজ করে চলছিল৷ আগেই বলেছি মানসীদি রাজনীতি করতে গিয়ে কিছুই পাননি৷ তাঁর স্বামী চিকিৎসক হোমচৌধুরীও ব্যক্তি জীবনে কিছুই পাননি৷ কর্মস্থলে অনেক সুনাম, অনেক যশ, অনেক প্রতিপত্তি, অনেক ভালবাসা পেয়েছেন, সেবা করেছেন আর্তের, সেবা করেছেন পিড়ীতের, কিন্তু পারিবারিক জীবনটি ছিল বড়ই বেদনা বিদূর৷ এখানে একটু বলে নেই, বাংলার সাংসৃকতিক জগতের কিংবদন্তী সংগীত শিল্পী যাঁর নাম অরুন্ধতী হোমচৌধুরী চিকিৎসক হোমচৌধুরীর আপন সহোদরা৷ নিজের পরম স্নেহের কন্যার আকস্মিক প্রয়াণ তাঁকে এক সময় নির্মুখ করে দিয়েছিল৷ আজ তিনিও চিরবিদায় নিলেন৷ শেষ বেলায় আমিও বেদনাক্লান্ত চিত্তে তিনি ও তাঁর পরিবারকে সমবেদনা জানাই৷
জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাসের সাথে চিকিৎসক হোমচৌধুরীর ছিল চিরমধুর সম্পর্ক৷ আজ থেকে মাস ছয়েক আগে রাজধানীরই কোন এক স্থানে এক সামাজিক অনুষ্ঠানে আচমকাই দেখা হয়ে যায় তাঁদের দু’জনের৷ কত ফেলে আসা কথা, কত ফেলে আসা স্মৃতি যেন গুরুদেবের সেই গানের কলির মতো ‘পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়৷’ ধলাই জেলার কুলাই হাসপাতালে কর্মজীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন৷ তাঁর হাতে অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে পুণর্জীবন ফিরে পেয়েছেন৷ তাঁর উদার মানসিকতায় মুগ্দ গোটা জেলার মানুষ৷ এক কথায় তিনি ছিলেন চিকিৎসক পরিচয়ে এক ভিন্ন মনুষ্যত্বের অধিকারী- বলছিলেন জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস৷ কিন্তু, যে চিকিৎসক লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন, তিনি জীবন শায়াহ্ণে তথাকথিত বিশ্বমানের আইএলএস হাসপাতালে গিয়ে এক কথায় বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করেছেন৷ ঐদিন এই হাসপাতালটিতে তাঁকে দেখার জন্য কোন চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ৷ তা থেকেই প্রমাণ হয় রাজ্যের চিকিৎসা ব্যবস্থার কি জরাজীর্ন দশা৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top