News Flash

  • Home
  • Uncategorized
  • সেটটপ বক্স ও নতজানু প্রশাসন
Image

সেটটপ বক্স ও নতজানু প্রশাসন

সরকারের চোখের সামনে সেটটপ বক্স নিয়া যে কানামাছি খেলা চলিতেছে তাহা কবে বন্ধ হইবে বলা মুশকিল৷ চড়া দামে এই বক্স বিক্রির অভিযোগ জানা সত্বেও প্রশাসন টুটো জগন্নাথের ভূমিকায়৷ আসলে এইসব ঘটনা দেখিয়া স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠিতে পারে, রাজ্যে বর্তমানে আইনের শাসন আছে কিনা৷ কিংবা জেলা প্রশাসনের আসলে কোনও ক্ষমতা আছে কিনা৷ সেটটপ বক্স ক্রয়ের সময়ে কোনও ক্যাশমেমো দিতে চায় না ক্যাবল অপারেটররা৷ তাহাদের বক্তব্য সৃষ্টি নামে একটি সংস্থার নিকট হইতে ক্রয় করিয়া তাহারা বিক্রি করিতেছেন৷ সোজা কথায়, সেটটপ বক্সের এই ব্যাপক কালোবাজারী ও দুর্নীতির বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোন্ দূর্বলতার কারণে চোখ বুজিয়া আছে এই প্রশ্ণ উঠিয়াছে৷ এই সেটটপ বক্স কেলেংকারীর বিরুদ্ধে সরব হইয়াছে বিজেপি যুব মোর্চা৷ তাহারা অভিযোগ তুলিয়াছে সেটটপ বক্সের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগও পাত্তা পায় না প্রশাসনে৷ সেটটপ বক্স বিক্রেতারা গ্রাহকদের ক্যাশমেমো দিতেছে না৷ দেওয়া হইতেছে না ওয়ারেন্টি কার্ডও৷ এই সেটটপ বক্সের ব্যাপক দুর্নীতির সঙ্গে প্রশাসনের কোনও কোনও কর্মীও জড়িত বলিয়া অভিযোগ উঠিয়াছে৷ এই টানাপোড়েনে বহু মানুষ সেটটপ বক্স নিতে পারিতেছেন না৷ ফলে বহু মানুষ এখন ক্যাবল নেটওয়ার্কের কোনও প্রোগ্রামই দেখিতে পারেন না৷ ফলে, রাজ্যে ক্যাবল নেটওয়ার্কেরও ব্যাপক ক্ষতি সাধিত হইতেছে৷ নির্দিষ্ট একটি সংস্থার নিকট হইতে সেটটপ বক্স কিনিতে গ্রাহকদের বাধ্য করা হইতেছে৷ ভারতীয় জনতা যুব মোর্চার সদর জেলা কমিটির পক্ষ হইতে ডেপুটেশন দেওয়া হয়৷ সেটটপ বক্স নিয়া ব্যাপক দুর্নীতি চলিতেছে তাহা অবিলম্বে বন্ধ করিয়া ব্যাপক তদন্তের মাধ্যমে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হইবে৷ যুব মোর্চা জেলা শাসককে জানাইয়া দিয়াছে যে, সেটটপ বক্স নিয়া দুর্নীতি বন্ধ না হইলে বৃহত্তর আন্দোলনে নামিবে৷
সেটটপ বক্সের এই কেলেংকারীর ঘটনায় রাজ্যে ক্যাবল টিভির গ্রাহকও অনেক কমিয়া গিয়াছে৷ অন্যদিকে কোটি কোটি টাকারও বাণিজ্য করিয়াছে সেটটপ বক্স বিক্রেতারা৷ রাজ্য সরকার বিশেষ করিয়া জেলা প্রশাসনের প্রচ্ছন্ন মদত না থাকিলে এই কেলেংকারী করিয়া বহাল তবিয়তে কাটাইতে পারিত না কলংকিত নায়করা৷ ক্যাবল নেটওয়ার্ক এর জন্য কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ম আছে৷ রাজ্যে এই নীতি নিয়মকেই বৃদ্ধাঙ্গুষ্ট দেখাইয়া চলিতেছে ক্যাবল ব্যবসায়৷ রাজ্য সরকারের এক্ষেত্রে চোখ বুজিয়া থাকিবার রহস্য কি সাধারণ মানুষ তাহাও জানিতে চাহিবেন৷ রাজ্য জুড়িয়া এখন যেন নির্বাচনী হাওয়া চলিতেছে৷ এই অবস্থায় বাম সরকারের পক্ষ স্বচ্ছতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাগিদই তো থাকিবার কথা৷ সেক্ষেত্রে সেটটপ বক্সের বিক্রেতাদের কলংকের বিরুদ্ধের বাম সরকারের নমনীয় ভূমিকা নিয়া প্রশ্ণ উঠিবেই৷ সেটটপ বক্সের এই কেলেংকারীর অভিযোগ সম্পর্কে রাজ্য সরকার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনীহার কারণও রাজ্যের মানুষ জানিতে চাহিবে৷ এতদিন এই কেলেংকারী নিয়া কোনও রাজনৈতিক দলকে সরব হইতে দেখা যায় নাই৷ শেষ পর্যন্ত বিজেপির যুব শাখা ময়দানে নামিয়াছে৷ জেলা শাসককে ব্যবস্থা নিতেই হইবে৷ এই সব অভিযোগ সম্পর্কে সরকার কি ব্যবস্থা নিয়াছে তাহা বিজ্ঞপ্তি আকারে জনসাধারণকে জানাইতে হইবে৷ সেটটপ বক্স এর মতো একটি সাধারণ ঘটনা বা সাধারণ অভিযোগও যে সরকার সামাল দিতে পারে না, সেই সরকার তো খুব স্বাভাবিক ভাবেই গভীর প্রশ্ণের মুখে পড়িয়া গিয়াছে, সন্দেহ নাই৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top