আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সমস্যার অভিযোগ উঠেছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, গত চার থেকে ছয় মাস ধরে পুষ্টিকর খাবারের বরাদ্দের টাকা না পাওয়ায় কেন্দ্রের পরিষেবা স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
কর্মীদের অভিযোগ, বরাদ্দের টাকা না পাওয়া সত্ত্বেও এতদিন নিজেদের সামর্থ্য অনুযায়ী এবং স্থানীয় দোকান থেকে বাকিতে খাদ্যসামগ্রী সংগ্রহ করে শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করার চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু দীর্ঘদিন ধরে টাকা বকেয়া থাকায় বর্তমানে স্থানীয় দোকানদাররাও আর বাকিতে খাদ্যসামগ্রী দিতে চাইছেন না। ফলে শিশুদের পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাবার সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, শুধু অর্থের সংকটই নয়, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো নিয়েও দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। বহু কেন্দ্রে পর্যাপ্ত বিদ্যুৎ, শৌচাগার এবং রান্নার ব্যবস্থা নেই বলে অভিযোগ। কোথাও আবার ভাঙা ছাদ দিয়ে বৃষ্টির জল ঢুকে পড়ে। এমন পরিস্থিতিতে শিশুদের নিয়ে কেন্দ্র পরিচালনা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের।
কর্মীদের প্রশ্ন, শিশু ও মােদের পুষ্টির মতো গুরুত্বপূর্ণ পরিষেবায় মাসের পর মাস অর্থ বকেয়া থাকবে কেন? তাঁদের দাবি, দ্রুত বকেয়া অর্থ মিটিয়ে পুষ্টিকর খাবারের সরবরাহ স্বাভাবিক করতে হবে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি। ফলে বরাদ্দের টাকা কেন আটকে রয়েছে এবং কবে পরিস্থিতির সমাধান হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


















