আগরতলা, ৯ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা শহরে এক বর্ণাঢ্য প্রভাতফেরীর আয়োজন করা হয়। সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রভাতফেরীতে অংশ নেন বহু সংস্কৃতিপ্রেমী মানুষ।
শনিবার সকালে উমাকান্ত স্কুল প্রাঙ্গণের সামনে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সেখান থেকেই শুরু হয় প্রভাতফেরী।
প্রভাতফেরীটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় উজ্জ্বয়ন্ত-এর সামনে। এদিনের অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, আবৃত্তি এবং কবিগুরুর আদর্শ ও দর্শনকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের কাছে কবিগুরুর সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দিতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



















